
শাহজালাল সুজন
মাধবীলতার কানে বন ফুল দুলে,
বাগানবিলাস গুঁজে বেঁধেছে যে চুলে।
ষোড়শী রূপের বানে রোদ করে খেলা,
উষ্ণ ঠোঁটে শিহরণ হৃদে ভাসে ভেলা।
পরাগরেণুতে বসে হাতছানি দিয়ে,
যুবতী বাতাস বয়ে শুভ্র ছোঁয়া নিয়ে।
মধুপ আশায় থাকে ছলছল আঁখি,
পিয়াসী মনেতে কয় সুরে ডাকাডাকি।
রাধার হাসিতে জাগে মহীরুহ চেয়ে
কলকল ধ্বনি বাজে নব ঝর্ণা বেয়ে।
রাই বিনোদীর চোখে তারাগুলো খসে,
চিরল চিবুক ছুঁয়ে রোদ আলো বসে।
শাড়ির আঁচলে মুখ নব বধূ লাজে,
আবীরের রঙ মেখে পল্লবীরা সাজে।
বাতাবি লেবুর ঘ্রাণে অলি ফুল জুড়ে,
বসন্ত বাতাসে প্রেম ডানা মেলে উড়ে।



