অর্থনীতি ও বাণিজ্য

বাংলাদেশে বাজেটে স্বাস্থ্য নয়, বেশি বরাদ্দ পাচ্ছে শিক্ষা খাত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার নিদারুণ দুর্বলতা ফুটে উঠেছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সংক্রমিত হচ্ছে। পাচ্ছে না চিকিৎসা। হাসপাতালে চিকিৎসা না পেয়ে বাসাতেই প্রাণ হারাতে হচ্ছে। এ পর্যন্ত বিশ্বে মারা গেছে প্রায় চার লক্ষ ১০ হাজার মানুষ। এ অবস্থায় বিশ্বজুড়ে আলোচনার মূলে রয়েছে স্বাস্থ্য খাতের উন্নয়ন।

বাংলাদেশেও সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞ সবাই একই কথা বলছেন। কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আসন্ন বাজেটে বিশেষ গুরুত্ব দেখা যাচ্ছে না। আগামী অর্থবছরের বাজেটেও স্বাস্থ্য খাতে গতানুগতিক বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে ২৯ হাজার ২৪৬ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যা প্রস্তাবিত বাজেটের ৫ দশমিক ১৪ শতাংশ।

করোনাভাইরাসের আক্রমণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা টালমাটাল হলেও এ খাতে বরাদ্দ খুব বেশী বাড়ানো হয় নি। গত ২০১৮-১৯ অর্থবছরে বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ১৮ হাজার ৬৯৫ কোটি টাকা। চলতি ২০১৯-২০ অর্থবছরে স্বাস্থ্য খাতের বরাদ্দ আগের বছরের তুলনায় সাত হাজার ৩৭ কোটি টাকা বাড়িয়ে মূল বাজেটে ২৫ হাজার ৭৩২ কোটি টাকা করা হয়। পরে যদিও সংশোধিত বাজেটে কমিয়ে ২৩ হাজার ৬৯২ কোটি বরাদ্দ রেখেছে সরকার।

কিন্তু আগামী অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ মূল বাজেটের তুলনায় মাত্র তিন হাজার ৫১৪ কোটি টাকা বেশি প্রস্তাব করা হচ্ছে। আর সংশোধিত বাজেটের তুলনায় পাঁচ হাজার ৫৫৪ কোটি টাকা বেশি। এই বৃদ্ধির পরিমাণ চলতি অর্থবছরের তুলনায় বেশ কম। বাজেটের অংশ হিসেবে বরাদ্দ সামান্য বেড়েছে। চলতি অর্থবছরে বরাদ্দ বাজেটের ৪ দশমিক ৫২ শতাংশ, যা আগামী অর্থবছরে ৫ দশমিক ১৪ শতাংশ করা হয়েছে। যদিও করোনা পরিস্থিতিতে এই বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্নিষ্ট এক কর্মকর্তা জানান, বাস্তবায়ন দক্ষতার অভাবে বাজেটে বেশি বরাদ্দ রাখা হয়নি। কারণ প্রতি বছর স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়, তা খরচ হয় না। কিন্তু বিশ্নেষকরা বলছেন, অন্যান্য বছরের সঙ্গে এ বছরের তুলনা করা ঠিক হবে না। ইতোমধ্যে স্বাস্থ্য খাতে কয়েক হাজার জনবল নিয়োগ করা হয়েছে। আরও জনবল নিয়োগ প্রক্রিয়ায় আছে। সারাদেশে স্বাস্থ্য অবকাঠামো খাতে প্রচুর ব্যয় করতে হবে। তাছাড়া এবার শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সব মন্ত্রণালয় জনস্বাস্থ্য বিষয়ে কমবেশি কাজ করছে। ফলে আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ দিলে তা ব্যয় করা অসম্ভব হতো না।

করোনাভাইরাসের কারণে দেশে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। সাধারণ রোগের চিকিৎসাও পাচ্ছেন না নাগরিকরা। অপর্যাপ্ত আইসিইউ সুবিধা, স্বাস্থ্য পরীক্ষার সীমাবদ্ধতা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীর সংকট, দক্ষতার অভাবসহ জনস্বাস্থ্য ব্যবস্থাপনার ব্যাপক দুর্বলতা ফুটে উঠেছে। অন্যদিকে অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে এর ব্যাপক প্রভাব পড়েছে। অনেক মানুষ বেকার হয়েছেন। নতুন কর্মসংস্থান হচ্ছে না। আবার শিল্পকারখানা বন্ধ থাকায় উৎপাদন ও সরবরাহ ব্যাহত হচ্ছে। এ অবস্থায় স্বাস্থ্য, অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা।

জানা গেছে, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে সরকার ৩২ হাজার ১৬৬ কোটি টাকা বরাদ্দ রাখছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে রয়েছে ৩১ হাজার ১০০ কোটি টাকা। এ ছাড়া কৃষি খাতে বরাদ্দ চলতি অর্থবছরের তুলনায় ২ হাজার ৯৬০ কোটি টাকা বেড়ে ২৯ হাজার ৯৮৩ কোটি টাকা করা হচ্ছে। জ্বালানি খাতে বরাদ্দে বিশেষ পরিবর্তন হচ্ছে না।

মাত্র ৭০৩ কোটি টাকা বাড়িয়ে ২৬ হাজার ৭৫৮ কোটি টাকা করা হচ্ছে। পরিবহন ও যোগাযোগ খাতে আগামী বাজেটে ৬৪ হাজার ৫৮৭ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে সরকার, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে রয়েছে ৫৮ হাজার ৪৯৯ কোটি টাকা। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ৩৯ হাজার ৫৭৩ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। প্রতিরক্ষা খাতে থাকছে ৩৪ হাজার ৮৮২ কোটি টাকা। জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ২৮ হাজার ৬৮৮ কোটি এবং শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে ৪ হাজার ৯৪০ কোটি টাকা বরাদ্দ থাকছে। এ ছাড়া জনপ্রশাসন খাতে বরাদ্দ থাকছে এক লাখ ৮০ হাজার ৭১৫ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে রয়েছে এক লাখ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেই থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যদিও কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে পাঠদানের ব্যবস্থা করেছে। সরকার জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী টেলিভিশনে পাঠদান করার উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার ঘাটতি কমিয়ে আনতে দূরবর্তী শিক্ষা ব্যবস্থা সহজ করতে হবে। প্রশিক্ষণ বাড়াতে হবে। শিক্ষা খাতে এ ধরনের কিছু বরাদ্দ থাকবে বলে জানা গেছে। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension