
বানিজ্য চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র-মেক্সিকো
রূপসী বাংলা ডেস্ক: বহুল আলোচিত নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা নাফটার আলোকে বড় একটি ব্যবসায়িক চুক্তিকে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। চলমান নাফটা চুক্তির ঘোর সমালোচক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তিন এক টুইট বার্তায় এই চুক্তির কথাটি জানিয়েছেন। যদিও এই চুক্তি সম্পন্ন করতে তৃতীয় অংশীদার হিসেবে কানাডার সম্মতির প্রয়োজন। যদিও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, এই দুই দেশের চুক্তির সাথে একীভূত হয়ে কাজ করতে কানাডার কোন আপত্তি নেই।
বলা হচ্ছে এই চুক্তির ফলে তিন দেশের মধ্যে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য সংগঠিত হবে। নাফটা চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে যাওয়ার হুমকি দেয়ার পর, গত এক বছর থেকে এনিয়ে জোর আলোচনা চলছিলো। যুক্তরাষ্ট্রের উৎপাদন শিল্প বিশেষ করে অটো ইন্ডাস্ট্রিতে মার্কিনীদের চাকুরীর সুযোগ কমে আসার কারণ দেখিয়ে ১৯৯৪ সালের এই চুক্তি থেকে সরে আসার চেষ্টা করছিলো ট্রাম্প প্রশাসন। কিন্তু অবশেষে সিদ্ধান্ত পুরোপুরি পাল্টে গেলো।
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যকার সম্পাদিত চুক্তির বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে বিবিসি। মার্কিন গণমাধ্যম বলছে, নতুন বাণিজ্য চুক্তির আওতায় ৭৫ ভাগ পণ্য উত্তর আমেরিকায় তৈরি করা হবে। যা থাকবে করের আওতার বাইরে। আগের চুক্তিতে এর পরিমান ছিলো ৬২ দশমিক ৫ ভাগ। যদিও নতুন চুক্তির বেশ কিছু বিষয় নিয়ে এখনো অস্পষ্টতা রয়ে গেছে।



