
ভ্যাঙ্কুভারে হয়ে গেল আন্তর্জাতিক পাখি উৎসব
রূপসী বাংলা ডেস্ক: কানাডার ভ্যাঙ্কুভারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো- ‘আন্তর্জাতিক পাখি উৎসব’- ভিআইবিএফ ২০১৮। গত ১৯ আগস্ট এ উৎসব শুরু হয় এবং শেষ হলো ২৬ আগস্ট। সপ্তাহব্যাপী জমজমাট পাখি উৎসবে ত্রিশ হাজার দর্শকের সমাগম ঘটে বলে খবরে প্রকাশ।
উৎসবে সেমিনার, বন্যপ্রাণী শিল্পীদের বার্ষিক আর্ট শো, ফটোগ্রাফি, আদিবাসী শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী, পাখি প্যারেডসহ নানা ধরনের কর্মসূচি ছিলো। তারমধ্যে পাখিদের বিভিন্ন মুখোশ পরা ছিলো সবচেয়ে আকর্ষণীয়।
ভ্যাঙ্কুভার কনভেনশন সেন্টারে আয়োজকরা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ১৯৭০ সাল থেকে প্রকৃতির ভারসাম্য, মানব বসতি, শিল্প কারখানা ও বনভূমির কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাখি প্রজাতির ৩৫ শতাংশ পতন ঘটেছে। তারা মনে করেন, এই আয়োজন পাখিদের গুরুত্ব সম্পর্কে আরও চিন্তা করতে উৎসাহিত করবে। কারণ, পাখি শুধু প্রাকৃতিক সম্পদ নয়; আমাদের বন্ধুও বটে! আমরা এক পৃথিবীতে এক সাথে বসবাস করছি।
এছাড়াও সেমিনারে বিশ্বে পাখি সম্প্রদায়ের দেশান্তর, অভিবাসন, বসবাস, বাসিন্দা ইত্যাদি নিয়ে আলোচনা হয়। পরে কনভেনশন সেন্টার থেকে কোল হারবারের হার্বার গ্রিন পার্ক পর্যন্ত একটি বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, প্রাণীবিজ্ঞানী এবং পাখিপ্রেমিকদের উদ্যোগে ১৯৮৬ সালে অটোয়াতে এধরণের একটি আয়োজন করা হয়েছিলো। এবার প্রথমবারের মতো পাখি উৎসব করা হলেও ২০১৩ সাল থেকে মিনি আয়োজন এবং আন্তর্জাতিক উৎসবের প্রস্তুতি চলছিলো।
আমেরিকা এবং কানাডার নানা ধরনের দুই শ’ উৎসব অনুষ্ঠিত হয়। তার সাথে এবার যুক্ত হলো- অন্তর্জাতিক পাখি উৎসব।



