ভারত

বাম-কংগ্রেস আসন সমঝোতায় কাঁটা হয়ে দাঁড়িয়েছে পুরুলিয়া

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচন৷ ইতিমধ্যেই ভোটের নির্ঘন্ট প্রকাশ পেয়েছে৷ আর এই ভোটে লড়তেই এবার আসন নিয়ে সমঝোতার পথে হাঁটল কংগ্রেস-সিপিএম৷

জানা গিয়েছে, কংগ্রেস তার চারটি জেতা আসনে লড়বে৷ অন্যদিকে সিপিএম লড়বে তার দুটি জেতা আসন থেকেই৷ এছাড়া আরও ৩৪টি আসনের মধ্যে কোন আসনে বামফ্রন্ট এবং কোন আসনে কংগ্রেস লড়বে তা নিয়ে জটিলতা রয়েছে৷ তৃণমূল কংগ্রেস তার প্রার্থী তালিকা ঘোষমা করলেও এখনও পর্যন্ত কংগ্রেস বা সিপিএম কেউই তাদের প্রার্থীদের নাম প্রকাশ করতে পারেনি৷

সূত্রের খবর, এই দুই দলের সমঝোতায় বাধ সেধেছে মূলত তিনটি জায়গার আসন৷ পুরুলিয়া, বসিরহাট এবং জলপাইগুড়ি৷ বামফ্রন্টের বক্তব্য, এগুলিতে বাম প্রার্থী থাকা উচিত, অন্যদিকে কংগ্রেসের মতে এই তিনটি আসনেই কংগ্রেসের প্রার্থীর লড়াই করা উচিত৷ জলপাইগুড়ি এবং বসিরহাট নিয়ে বামফ্রন্ট কিছুটা নরম হলেও পুরুলিয়া নিয়ে এখনও কোনও সিদ্ধান্তেই পৌঁছতে পারছে না কেউই৷ কারণ ওই আসনে লড়াই করে আসছে বাম সরিক ফরোয়ার্ড ব্লক৷ কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে প্রথম থেকেই ফরোয়ার্ড ব্লক বিরোধিতা করে এসেছে৷

সেক্ষেত্রে তারা বামফ্রন্টের বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে তিনটি আসনে তারা লড়ছে সেগুলি কংগ্রেসকে দেওয়া সম্ভব নয়৷ এবং পুরুলিয়া তার মধ্যে অন্যতম৷ আর এই সমস্যার কারণেই এখনও কোনও পক্ষই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি৷ বুধবারও সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা রবিন দেবের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে৷ কিন্তু তারপরেও কোন রফা-সূত্র বেরোয়নি বলেই জানা গিয়েছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension