
রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হবেন: স্ট্যালিন
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ইতিমধ্যে ভোটে নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে। আর তা প্রকাশ হতেই শুরু হিয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। এরই মধ্যে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে শুরু করেছেন এম কে স্ট্যালিন। তামিলনাড়ুর নাগেরকোইলে কংগ্রেসের সভাপতির সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে তাঁর দাবি, আর কয়েক সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন রাহুল গান্ধী। প্রসঙ্গত, এর আগে ডিসেম্বর মাসে রাহুল গান্ধীকে বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পক্ষে সওয়াল করছিলেন এই ডিএমকে নেতা। এরপর ফের রাহুলের প্রংসায় পঞ্চমুখ দক্ষিণের রাজনীতির অন্যতম এই মুখ।
পাশাপাশি জনসভায় তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যে রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হবেন। কংগ্রেস সভাপতির উদ্দেশে তাঁর আরও বক্তব্য, আপনার হাতে দেশ নিরাপদ হবে বলেই আমাদের বিশ্বাস। পাশাপাশি স্ট্যালিনের দাবি, তামিলনাড়ুতে ২০০৪ সালের সাফল্যের পুনরাবৃত্তি হবে আসন্ন লোকসভা ভোটে। সব আসনে জিতবেন ইউপিএ প্রার্থীরা। অন্যদিকে, স্ট্যালিনের মতো রাহুল গান্ধীর পক্ষে সওয়াল করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝিও।
বুধবার হিন্দুস্থানি আওয়াম মোর্চার (এইচএএম) প্রধান বলেন, বিরোধী মহাজোট ক্ষমতায় এলে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান তিনি। বিহারে মহাজোটের আসন রফা নিয়ে আলোচনায় অংশ নিতে এদিন দিল্লি যাওয়ার আগে রাহুল গান্ধীর হয়ে এভাবেই সওয়াল করলেন তিনি।



