
জাতীয় নির্বাচনের আগে বিএনপিতে ফিরলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক ১৫ কাউন্সিলর। দলের সিদ্ধান্ত অমান্য করে ২০২৩ সালের ২১ জুন রাসিক নির্বাচন করায় দল থেকে তাদের বহিষ্কার করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী-২ (মহানগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু সম্প্রতি রাসিকের ১৭ জন সাবেক কাউন্সিলরদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দলের দায়িত্বশীল নেতাদের কাছে সুপারিশ করেন। তাদের মধ্যে প্রয়াত দুই কাউন্সিলর আলিফ আল মাহমুদ লুকেন ও নুরুজ্জামান টিটোর নামও ছিল।
রাসিক নির্বাচনে ২৫নং ওয়ার্ড কাউন্সিলর হিসাবে বিপুল ভোটে নির্বাচিত হন বোয়ালিয়া থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লুকেন। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর তিনি হৃদরোগে মারা যান। আর ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর টিটো গত ১০ এপ্রিল মারা যান। টিটো রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলের সিদ্ধান্ত অমান্য করে রাসিক নির্বাচনে অংশ নেওয়ায় তাকেও দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারাদেশ মাথায় নিয়ে তারা মৃত্যুবরণ করায় পরিবারগুলোর মধ্যে হতাশা ছিল। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্বীকৃতি ও সম্মান দিল দল-এমনটাই মনে করেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু।
অপর ১৫ জন সাবেক কাউন্সিলরের বহিষ্কারাদেশও তুলে নিয়েছে বিএনপি যারা দলের সিদ্ধান্ত না মেনে ভোট করেছিলেন। তাদের মধ্যে অন্যতম ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব, ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর মহিলা দল নেত্রী শামসুন্নাহার নাহার, সাবেক কাউন্সিলর বেবি, ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল হোসেন, ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ২৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফ হোসেন বাচ্চু, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান বদি, সাবেক নারী কাউন্সিলর শিখা, সাবেক কাউন্সিলর রুহুল আমিন টুনু। এসব সাবেক কাউন্সিলর সক্রিয়ভাবে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে ছিলেন। তবে যেসব কাউন্সিলররা নির্বাচিত হয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন তাদের বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়নি।
দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরপরই এসব সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর বাসভবনে গিয়ে তার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।
সূত্রমতে, আগামী শুক্রবার বিএনপি প্রার্থী মিনু আনুষ্ঠানিকভাবে নগরীতে নির্বাচনি প্রচারণা শুরু করবেন।



