
বিজেপিতে পা বাড়িয়ে বিধানসভায় স্পিকারের ইস্তফা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: উত্তর-পূর্বাঞ্চলের ছোট রাজ্য মিজোরামে জোর ধাক্কা কংগ্রেসের৷ দল ছাড়ার কথা ঘোষণা করলেন হেভিওয়েট কংগ্রেস নেতা হাইফেই৷ যিনি আবার রাজ্য বিধানসভার স্পিকার৷ সোমবার তিনি স্পিকারের পদ থেকেও ইস্তফা দেন৷ কংগ্রেস ছাড়ার পর তাঁর ঘোষণা বিজেপিতে যাচ্ছেন তিনি৷
এদিন হাইফেই বিধানসভার ডেপুটি স্পিকার আর লালরিনাওমার কাছে পদত্যাগপত্র পাঠান৷ জানা গিয়েছে, তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে৷ দলীয় সূত্রে খবর, পলক বিধানসভা কেন্দ্র থেকে টিকিট না মেলায় তাঁর দল ছাড়ার সিদ্ধান্ত৷ ২০১৩ সালে তিনি এই কেন্দ্র থেকেই জয়ী হন৷ এবং পরে তাঁকে স্পিকার পদে বসানো হয়৷ কিন্তু এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা থেকে তাঁর নাম কাটা পড়ায় প্রবল ক্ষুব্ধ হন প্রবীণ এই কংগ্রেস নেতা৷

এরপরই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন৷ রবিবার হাইফেইয়ের দল ছেড়ে পদ্ম শিবিরে যোগদানের স্পষ্ট ইঙ্গিত দেন রাজ্যের এক প্রবীণ বিজেপি নেতা৷ একটি সর্বভারতীয় মিডিয়াকে ওই বিজেপি নেতা জানান, হাইফেই প্রথমে স্পিকার পদ থেকে ইস্তফা দেবেন৷ তারপর দলের সদস্যপদ ছাড়বেন৷ ৫ নভেম্বর তিনি বিজেপিতে যোগ দেবেন৷ এদিকে কংগ্রেস হাইফেই এর দল ছাড়া নিয়ে এখনও কোন প্রতিক্রিয়া দেয়নি৷ তবে একান্ত আলাপচারিতায় এক কংগ্রেস নেতা জানিয়েছেন, হাইফেইয়ের দল ছাড়ার কোনও প্রভাব নির্বাচনে পড়বে না৷



