
বিজেপি বিরোধী মহাজোটের মঞ্চ স্বপ্নই থাকবে মমতার?
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ব্রিগেডে মিটিং থেকেই বিজেপি বিরোধী মহাজোটের প্রস্তুতি শুরু করবেন বলে ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যেই স্বপ্নের ফ্রন্টে বড়সড় ফাটল তৈরি হয়েছে৷
মধ্যপ্রদেশে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটে নেই একলা লড়ো পথেই হেঁটেছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী৷ তাঁর সঙ্গে গলা মিলিয়েছেন সমাজবাদী পার্টির কর্ণধার অখিলেশ সিং যাদব৷ ফলে হিন্দি বলয়ের দুই প্রধান বিরোধী শক্তিকে কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে বসানোয় কতটা সফল হবেন তৃণমূল নেত্রী সেটাও লক্ষ টাকার প্রশ্ন৷
নির্বাচন কমিশন জানিয়েছে পাঁচ রাজ্য (মিজোরাম, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলেঙ্গানা) বিধানসভার নির্ঘণ্ট৷ এর মধ্যে সর্বাধিক তিনটি আসনের রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে ক্ষমতাসীন বিজেপি৷ তেলেঙ্গানায় টিআরএস ও মিজোরামে কংগ্রেস রয়েছে সরকারে৷ পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে নির্বাচনী সমঝোতায় কংগ্রেসের উপর গোঁসা বাড়ছে মায়া-অখিলেশের ৷ তবে এই দুই নেতার মিলিত ভোট শক্তি বিজেপির রাতের ঘুম কাড়তে পারে৷ সেইটুকুই বিরোধী শক্তির আশা৷

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল বলে দেবে আগামী লোকসভায় বিজেপির পক্ষে কতটা সুখের হাওয়া বয়ে আসছে৷ বিজেপি বিরোধী জোটের অন্যতম নেত্রী মমতার হাতেই থাকছে সবাইকে এক করার চাবিকাঠি৷ মায়াবতী, অখিলেশকে একসঙ্গে একমঞ্চে ডেকে আনায় তিনি কতটা সফল হবেন তা ভবিষ্যৎ বলবে৷ কিন্তু ব্রিগেডের তৃণমূল কংগ্রেসের মহা সমাবেশে যদি রাহুল-মায়াবতী-অখিলেশকে ফের একসঙ্গে দেখা যায় তাহলে লোকসভার সমীকরণ পাল্টাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷

যদিও তৃণমূলের অন্দরের খবর রাখেন এমন কয়েকজন জানাচ্ছেন, দলনেত্রী মমতা চাইছেন হিন্দি বলয়ে এক হয়েই লড়াই করতে৷ অখিলেশ ও মায়াবতীর সঙ্গে সুসম্পর্কের প্রভাবটা গুরুত্বপূর্ণ৷ সেই প্রভাব খাটিয়ে রাহুল গান্ধীকে এক মঞ্চে আনার ক্ষেত্রেও ভূমিকা নিতে চলেছেন মমতা ৷ এতে প্রদেশ কংগ্রেসের ভূমিকা কী হবে তা নিয়েও তৈরি হয়েছে সংশয়৷ বিহারের আরজেডি নেতা তথা লালু যাদব পুত্র তেজস্বী ও দক্ষিণের অন্ধ্র, তেলেঙ্গানা, তামিলনাড়ুর বিজেপি বিরোধী দলগুলির নেতৃত্ব মমতার মঞ্চ শেয়ার করতে রাজি বলেই জানা গিয়েছে৷

কিন্তু মমতার পাশার দান উল্টে যেতে পারে মায়া-অখিলেশের মধ্যপ্রদেশ, রাজস্থানের বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিরোধী একলা লড়োর বার্তায় ৷ প্রশ্ন থাকছে, বিজেপি বিরোধী মহাজোটের মঞ্চ কি স্বপ্নই থাকবে মমতার ? কলকাতা ছাড়িয়ে জাতীয় রাজনীতিতে সেটাও বড় করেই দেখা দিচ্ছে ৷



