
পাঁচ রাজ্যের ৬৭৯টি আসনের ভোট দিয়ে লোকসভার সেমিফাইনাল শুরু
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই শুরু হয়ে গেল সরকার বনাম বিরোধীদের আসন্ন লোকসভা নির্বাচনের সেমিফাইনাল৷
শনিবারই নির্বাচন কমিশন জানিয়েছে মিজোরাম (৪০ টি আসন), মধ্যপ্রদেশ (২৩০ টি আসন), রাজস্থান (২০০ টি আসন), ছত্তিশগঢ় (৯০ টি আসন) ও তেলেঙ্গানা (১১৯টি আসন) রাজ্যের ভোট নির্ঘণ্ট৷

এই নির্বাচন থেকেই স্থির হয়ে যাচ্ছে আগামী ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মূল লড়াইয়ের প্রস্তুতি৷ এর মধ্যে মধ্যপ্রদেশে, রাজস্থান ও ছত্তিশগঢ় রয়েছে বিজেপির দখলে৷ মিজোরামে ক্ষমতায় রয়েছে কংগ্রেস৷ তেলেঙ্গানায় ক্ষমতায় তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি৷
তবে নির্বাচনী বিশ্লেষকদের ধারণা, হিন্দি বলয়ের তিন রাজ্যেই বিজেপির সঙ্গে কংগ্রেসের মূল লড়াই হতে যাচ্ছে৷ বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে, কংগ্রেসের জনসমর্থন বাড়ছে৷ তবে বিরোধী মহাজোট বড়সড় ভাঙন ধরায় সেই শক্তি কতটা বিজেপিকে বেগ দিতে পারবে সেই নিয়েও প্রশ্ন দেখা দিচ্ছে৷



