খেলা

ডোনাল্ডকে টপকে গেলেন অশ্বিন

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ভারতের সর্বকালের সেরা টেস্ট জয়ে কিংবদন্তি বোলারকে টপকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন৷ রাজকোটে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে ৬টি উইকেট তুলে নেন টিম ইন্ডিয়ার অফ-স্পিনার৷ সেই সঙ্গে এদিন টপকে যান কিংবদন্তি প্রোটিয়া পেসার অ্যালান ডোনাল্ডকে৷ পাশাপাশি ৩৩৩টি টেস্ট উইকেট নিয়ে ভারতীয়দের মধ্যে চার নম্বরে উঠে এলেন অশ্বিন৷ এই তামিল অফ-স্পিনারের আগে রয়েছেন অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) এবং হরভজন সিং (৪১৭)৷

রাজকোটে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২৭২ রানে হারিয়েছে ভারত৷ এটি ভারতের সর্বকালের সেরা টেস্ট জয়৷ এর আগে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয় ছিল আফগানিস্তানের বিরুদ্ধে৷ চলতি বছর জুনে বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের ব্যবধান ছিল ইনিংস ও ২৬২ রান৷ কিন্তু শনিবার তাকেও ছাপিয়ে যায় কোহলি অ্যান্ড কোং৷ মাত্র আড়াই দিনে ওয়েস্ট ইন্ডিজকে শেষ করে প্রথম টেস্ট জিতে নেয় ভারত৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেতে কোনও বেগ পেতে হয়নি কোহলিদের৷ প্রথমে ব্যাটসম্যানদের ‘দাদাগিরি’ পরে বোলারদের ‘আহামরি’৷ ভারতের ৬৪৯/৯ রানের জবাবে দু’ ইনিংস মিলিয়ে চারশো রানও তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ৷ প্রথম ইনিংসে ১৮১ এবং দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের সংগ্রহ ১৯৬৷ প্রথম ইনিংসে চারটি এবং দ্বিতীয় ইনিংসে দু’টি উইকেট নেন অশ্বিন৷ সেই সঙ্গে টেস্ট উইকেট শিকারের বিচারে সারা বিশ্বের ২৪ নম্বরে উঠে আসেন অশ্বিন৷

প্রথম ইনিংসে ১১ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩৭ রান দিয়ে চার উইকেট নিয়ে হরভজন সিংকে টপকে যান অশ্বিন৷ এ নিয়ে টেস্টে ৪২বার ইনিংসে চার বা তার বেশি উইকেট নিলেন তিনি৷ অশ্বিনের সামনে রয়েছে শুধু অনিল কুম্বলে৷ জাম্বো ইনিংসে চার বা তা বেশি উইকেট নিয়েছেন ৬৬বার৷

ইংল্যান্ড সফরেও শুরুটা দারুণ করেছিলেন অশ্বিন৷ রুটদের বিরুদ্ধে প্রথম টেস্টে সাত উইকেট নিলেও পরের তিনটি টেস্টে সেরা ছন্দে ছিলেন না তিনি৷ চোটের জন্য ইংরেজদের বিরুদ্ধে ওভাল টেস্টে মাঠে নামতে পারেননি৷ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরুতে ছন্দে অশ্বিন৷ তবে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পাঁচটি উইকেট তুলেন নিয়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব৷ কেরিয়ারে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট পেলেন টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি স্পিনার৷

এর আগে ব্যাট হাতে ভারতকে অর্ধেক ম্যাচ জিতিয়ে দেন অভিষেককারী পৃথ্বী শহ, ক্যাপ্টেন কোহলি এবং অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার দুরন্ত সেঞ্চুরি৷ টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন বছর আঠারোর ডানহাতি ব্যাটসম্যান পৃথ্বী৷ আর টেস্ট কেরিয়ারে ২৪তম শতরান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে৷ তবে টেস্টে প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়েছেন জাদেজা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension