
বিমানকর্মীকে অযাচিত স্পর্শ, বেঁধে রাখা হলো যাত্রীকে (ভিডিও)
মাঝ আকাশে দুই বিমানকর্মীকে অযাচিত স্পর্শ আর অন্য আরেক কর্মীকে ঘুষি মারার অভিযোগে এক যাত্রীকে বেঁধে রাখা হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে মিয়ামিগামী ফ্রন্টিয়ার এয়ারলাইনসের এক বিমানে এই ঘটনা ঘটে।
ওই সময়কার ভিডিওতে দেখা গেছে, ওহাইওর বাসিন্দা ম্যাক্সওয়েল বেরি নামে ২২ বছর বয়সী ওই যুবককে টেপ দিয়ে সিটের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তিনি নিজেকে ছাড়ানোর চেষ্টা করার পাশাপাশি সাহায্যের জন্য চিৎকার করছেন।
বিমানটি মিয়ামিতে অবতরণের পর তাকে গ্রেফতার করে পুলিশ।
ফ্রন্টিয়ার এয়ারলাইনসের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই যাত্র্রী দুই বিমানকর্মীকে অযাচিত স্পর্শ আর অন্য আরেকজনকে ঘুষির মারেন। এ সময় তার বাবা ধনকুবের বলে চিৎকার করতে থাকেন ওই যাত্রী। তার আচরণে অন্য যাত্রীদের সহায়তায় বাধ্য হয়ে তাকে বেঁধে রাখা হয়।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে এয়ারলাইনস কর্তৃপক্ষ। ওই তিন বিমানকর্মীকে বেতনসহ ছুটিও দিয়েছে ফ্রন্টিয়ার এয়ারলাইনস।



