
বিমান বন্দরে খুনসুটি রাহুল-প্রিয়াঙ্কার, ভাইরাল ভিডিও
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভোট প্রচারে দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। পরিবার পরিজনের জন্য তো দূর, নিজের জন্য সময় বের করারও ফুরসৎ মিলছেনা রাজনৈতিক ব্যক্তিত্বদের। প্রচারের ওজন এতটাই বেশি, যে ওজন কমছে প্রার্থীদেরও। শনিবার যখন রায়বরেলি এবং আমেঠীতে প্রচারে যাচ্ছেন রাহুল তখন উন্নাও এবং বারাবাঙ্কিতে প্রচার করতে ছুটে গেলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এর মাঝেই হঠাৎ দেখা হয়ে গেল রাজনীতি চর্চার শীর্ষে থাকা ভাই-বোন জুটির। কানপুর বিমান বন্দরে হঠাৎ সাক্ষাৎ হয়ে গেল রাহুল প্রিয়াঙ্কার। মুহূর্তেই ভাইরাল হল সেই ভিডিও।
লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে দেখা হয়ে গেল রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরার। রাজনীতির মোড়ক খুলে ঘরোয়া আবেগে নিজেদের একাত্ম করলেন দুজনে। নিজেদের মধ্যে সুখের মুহূর্ত ভাগ করে নিলেন দুজনে।
তাঁদের সাক্ষাতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাহুল লিখেছেন, ” প্রিয়াঙ্কার সঙ্গে কানপুর বিমান বন্দরে দেখা হয়ে যাওয়াটা খুব আনন্দের। উত্তরপ্রদেশে আমরা বিভিন্ন সভায় নেতৃত্ব দিচ্ছি। ” তিনি আরও বলেন, ” আপনাদের বলি, একজন ভাল দাদা হতে গেলে আর কি লাগে! আমি আকাশ পথে দীর্ঘ যাত্রা করে একটি ছোট হেলিকপ্টারে চড়ছি! আর ও ছোট জার্নি করলেও একটা বিরাট হেলিকপ্টারে চড়ছে। “
এই একই ভিডিওতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা হেসে বলছেন, ” এটা মোটেও সত্যি নয়। ” ভিডিওতে দুজনেই পরে রয়েছেন সাদা পোশাক। দাদার গলা জড়িয়ে রয়েছেন বোন প্রিয়াঙ্কা৷ কংগ্রেস সভাপতিকে এই ভিডিওতে বলতে শোনা গিয়েছে, ” আমি ওকে ভালবাসি ” ভিডিওর পাশাপাশি ছবি পোস্ট করতেও দেখা গিয়েছে ভাই-বোন জুটিকে। বিমান বন্দরের কর্মী থেকে শুরু করে বিমান চালকদের সঙ্গেও ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁদের।



