
বিশ্বকাপের আগেই পদত্যাগ স্ট্রসের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ২০১৯ বিশ্বকাপের আগেই বিপাকে ইংলিশ ক্রিকেট! ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অফ ক্রিকেট থেকে পদত্যাগ করলেন অ্যান্ড্রু স্ট্রস৷ প্রায় সাড়ে তিন বছর এই পদে থাকার পর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের৷
আগামী বছর ইংল্যান্ডের মাটিতে বসছে ৫০ ওভারের বিশ্বকাপ৷ তার আগে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ খেলবে রুটবাহিনী৷ কিন্তু গুরুত্বপূর্ণ দুই টুর্নামেন্টের আগে স্ট্রসের এই পদত্যাগ ইংল্যান্ড ক্রিকেটের জন্য মোটেই ভালো খবর নয়৷ বুধবার এক বিবৃতিতে স্ট্রস জানান,‘ইসিবি-র সঙ্গে সাড়ে তিন বছর কাজ করার অভিজ্ঞতা দারুণ৷ কিন্তু ব্যক্তিগত কারণে ডিরেক্টর অফ ইংল্যান্ড ক্রিকেটের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হলাম৷’
ডিসেম্বর পর্যন্ত স্ট্রসের দায়িত্ব সামলাবেন প্রাক্তন ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার৷ তার পর ফুলটাইম ডিরেক্টর নিয়োগ করবে ইসিবি৷ যার দায়িত্বে রয়েছেন ইসিবি-র চিফ একজিকিউটিভ অফিসার টম হ্যারিসন৷ স্ট্রস বলেন, ‘আগামী বছরটা ইংল্যান্ড ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ঘরের মাঠে বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজ৷ সুতরাং আমাদের সামনে দারুণ সুযোগ৷ এ সময় ইসিবি-র সহযোগিতায় ডিরেক্টর অফ ক্রিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ এ কথা মাথায় রেখে আমি আগে থেকেই সরে দাঁড়ালাম৷’
দেশের হয়ে ১০০ টেস্ট খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটকে ২০১২ গুডবাই জানান প্রাক্তন ইংরেজ ওপেনার৷ এর বছর তিনেক পর অর্থাৎ ২০১৫ ইসিবি ডিরেক্টর অফ ক্রিকেট পদ সৃষ্টি করে স্ট্রসকে দায়িত্ব দেয়৷ সাড়ে তিন বছর এই দায়িত্ব পালন করার পর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন প্রাক্তন ইংল্যান্ড ওপেনার৷



