
বিশ্বকাপের আবহে লন্ডনের মাদাম তুসোঁয় বিরাটের মোম মূর্তি
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আবহে বাড়তি মাত্রা৷ এমনিতে বিশ্বকাপের আয়োজনে গোটা ইংল্যান্ড সেজেছে ক্রিকেটীয় পরিমণ্ডলে৷ সেই তালিকায় উল্লেখযোগ্য সংযোজন বিরাট কোহলি৷ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসাবে বিশ্বের সেরা তারকা সশরীরে উপস্থিত তো থাকবেনই, সঙ্গে থাকছে কোহলির মোম-মূর্তি৷
বিশ্বকাপ চলাকালীন লন্ডনের মাদাম তুসোঁ নিউজিয়ামে শোভা পাবে ভারত অধিনায়ক বিরাট কোহলির মোমের তৈরি মূর্তি, যা বিশ্বকাপ শুরুর আগের দিন উন্মোচিত হল ঐতিহ্যশালী লর্ডসে৷ ১৫ জুলাই পর্যন্ত এই মূর্তি রাখা থাকবে সচিন তেন্ডুলকর, উসেইন বোল্ট, মো ফারাদের মূর্তির পাশে৷
লন্ডনের মাদাম তুসোঁ মিউজিয়ামের জেনারেল ম্যানেজার স্টিভ ডেভিস বিরাটের মূর্তি প্রসঙ্গে বলেন, ‘সামনের সপ্তাহগুলিতে ক্রিকেট জ্বর কাবু করতে চলেছে গোটা দেশকে৷ বিরাট কোহলির নতুন মূর্তি উন্মোচনের এর থেকে ভালো সময় আর কখনই বা হতে পারে৷ আশা করি ক্রিকেটপ্রেমীরা খেলার পাশাপাশি এই মূর্তির সৌন্দর্য্যও উপভোগ করবেন বিশ্বকাপ চলাকালীন৷’
বিরাটের পূর্ণ দৈর্ঘ্যের এই মূর্তিটিতে টিম ইন্ডিয়ার অফিসিয়াল কিটস ব্যবহার করা হয়েছে৷ জুতো ও গ্লাভসজোড়া দিয়েছেন কোহলি নিজেই৷
তাঁর এই মূর্তি উন্মোচনের সময় বিরাট কোহলি অবশ্য ছিলেন বাকিংহাম প্যালেসে৷ লন্ডন মলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখানে রানির সঙ্গে দেখা করেন বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের ক্যাপ্টেন৷ রানির সঙ্গে করমর্দন করা ছাড়াও গ্রুপ ছবিও তোলেন বিরাটরা৷
বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড মাঠে নামছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে৷ আগামী ৫ জুন সাউদাম্পটনে ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে প্রোটিয়াদের বিরুদ্ধেই৷



