
বিশ্বে করোনায় মৃত্যুতে ভারত অষ্টম
করোনাভাইরাসে মৃত্যুতে বিশ্বে অষ্টম স্থানে পৌঁছে গেছে ভারত। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৯ হাজার ৯২৬ জন। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
মঙ্গলবার আক্রান্ত প্রায় ৩ লাখ ৪৫ হাজার। এমন পরিস্থিতিতে করণীয় ঠিক করতে আজ বিকেলে ২১ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মঙ্গলবার সকালে নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, দেশে আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৬৭ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হলেন ৩ লাখ ৪৩ হাজার ৯১ জন। আক্রান্তের দিক থেকে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরই ভারতের অবস্থান।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ২১ লাখ ৮২ হাজার ৯৫০ জন, ব্রাজিলে আক্রান্ত ৮ লাখ ৯১ হাজার ৫৫৬জন এবং রাশিয়ায় মোট আক্রান্ত ৫ লাখ ৩৭ হাজার ২১০জন।
ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্যমতে, সোমবার ২৪ ঘণ্টায় করোনার থাবায় দেশটিতে প্রাণ গেছে ৩৮০ জনের। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৯ হাজার ৯১৫ জনের। মৃত্যুর হিসেবে মঙ্গলবার বেলজিয়ামকে টপকে বিশ্বের অষ্টম স্থানে চলে যায় ভারত।
মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র (১ লাখ ১৮ হাজার ৪৩১ জন), ব্রাজিল (৪৪ হাজার ১১৮), যুক্তরাজ্য (৪১ হাজার ৯৬৯), ইটালি (৩৪ হাজার ৩৭১), ফ্রান্স (২৯ হাজার ৪৩৬), স্পেন (২৭ হাজার ১৩৬ ) ও মেক্সিকোর (১৭ হাজার ৫৮০) পরই ভারত (৯ হাজার ৯২৬ জন)।
ভারতে এখন প্রতিদিনই ১০ হাজারের বেশি আক্রান্ত ও ৩ শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে করোনায়। তবে সুস্থ্য হওয়ার সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সুস্থ্য হয়েছেন ১ লাখ ৮১ হাজার ২০২ জন। সেক্ষেত্রে মঙ্গলবার পর্যন্ত সক্রিয় রোগী ১ লাখ ৫৪ হাজার প্রায়।
এদিকে ভারতে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাঁচ রাজ্যের অন্যতম মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৪ হাজার ১২৮ জনের। গুজরাটে ১ হাজার ৫০৫ জনের মৃত্যু হয়েছে। রাজধানী দিল্লিতেও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। সেখানে ১ হাজার ৪০০ জনের প্রাণ কেড়েছে করোনা।
মৃত্যুতে দেশের চতুর্থ স্থানে থাকা পশ্চিমবঙ্গ রাজ্যে মোট মারা গেছে ৪৮৫ জন। এরপর তালিকায় রয়েছে তামিলনাড়ু (৪৭৯), মধ্যপ্রদেশ (৪৬৫), উত্তরপ্রদেশ (৩৯৯) ও রাজস্থান (৩০১)। আক্রান্তের শীর্ষে থাকা মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮৬ জন আক্রান্ত হয়েছেন।
রাজ্যটিতে মোট আক্রান্ত হলেন ১ লাখ ১০ হাজার ৭৪৪ জন। এরপরই তামিলনাড়ুতে মোট আক্রান্ত ৪৬ হাজার ৫০৪ জন। রাজধানী দিল্লিতে মোট ৪২ হাজার ৮২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গুজরাটে মোট আক্রান্ত ২৪ হাজার ৫৫ জন এবং উত্তরপ্রদেশে ১৩ হাজার ও পশ্চিমবঙ্গে আক্রান্ত ১১ হাজার পেরিয়ে গেছে।
মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদির বৈঠক : আজ এবং আগামীকাল (বুধবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ফের বৈঠকে বসছেন। কারণ, গত ১ জুন লকডাউনের বিধিনিষেধ শিথিল করার পরই লাফিয়ে লাফিয়ে দেশে সংক্রমণ বেড়েছে।
সেই কারণেই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী আজ বিকেলে পাঞ্জাব, কেরালা, আসামসহ মোট ২১ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। পাশাপাশি কাল করোনার সংক্রমণে বেহাল মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি এবং গুজরাটসহ মোট ১৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী মোদি। ⛘
ফিন্যান্সিয়াল এক্সপ্রেস



