
বিয়ের পর অধিনায়ক হিসেবে অনেক পরিণত হয়েছি: বিরাট
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। ক্রিকেট ও বিনোদনের মিশেলে দেশের সবচেয়ে বেশি চর্চিত জুটি। ২০১৭ ডিসেম্বরে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ে এক হয়েছিল চার হাত। সেই থেকে অনুরাগীদের প্রিয় ‘বিরুষ্কা’ একে অপরের অবিচ্ছেদ্য অংশ। তবে অনুষ্কাকে নিয়ে কিংবা রিলেশিনশিপ নিয়ে কোনওদিনই রাখঢাক রাখার পক্ষপাতী ছিলেন না ভারত অধিনায়ক। বিয়ের বছর দেড়েক পরেও ভালোবাসার মানুষকে নিয়ে একইরকম খোলামেলা বিরাট।
বিয়ে তাঁর জীবনে বদলে দিয়েছে অনেক কিছুই। তাঁকে শিখিয়েছে অনেক বেশি দায়িত্বপরায়ণ হতে। আর মাঠের বাইরে দায়িত্বপরায়ণ বিরাট বিয়ের পর মাঠেও অধিনায়ক হিসেবে হয়ে উঠেছেন অনেক বেশি দায়িত্বশীল। এককথায় বিবাহ পরবর্তী জীবন তাঁকে অধিনায়ক হিসেবে অনেক বেশি পরিণত করেছে, বিশ্বকাপ শুরুর আগে সম্প্রতি লন্ডনে ক্যাপ্টেনস মিট অনুষ্ঠানে একথা জানালেন বিরাট কোহলি স্বয়ং।
বিয়ের আগে ও পরে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মধ্যে পার্থক্য কোথায়? উত্তরে বিরাট জানান, ‘বিয়ে মানুষকে অনেক বেশি দায়িত্বশীল করে তোলে। আর এই দায়িত্ব অনেকতাই ভিন্ন। তুমি যে কোনও বিষয়কে অনেক বেশি গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবে।’ একইসঙ্গে নিজেকে নিয়ে বলতে গিয়ে বিরাটের সংযোজন, ‘আমি আগের তুলনায় অনেক বেশি দায়িত্বশীল হয়েছি। যা আমার অধিনায়কত্বে সাহায্য করেছে। তবে শুধু অধিনায়ক হিসেবে নয়, মানুষ হিসেবে এবং একজন ক্রিকেটার হিসেবেও আমি আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়েছি।’
ক্রিকেটার হিসেবে তৃতীয় বিশ্বকাপ হলেও অধিনায়ক হিসেবে ইংল্যান্ড-ওয়েলসের মাটিতে প্রথমবারের জন্য ভারতীয় দলের গুরুদায়িত্ব তাঁর কাঁধে। আগামী ৫ জুন টাইটানিকের শহর সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে কোহলির ‘মেন ইন ব্লু’। তার আগে মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৩৬০ রানের লক্ষ্যমাত্রা দিল টিম ইন্ডিয়া। চার নম্বরে নেমে লোকেশ রাহুল ও ছয় নম্বরে নেমে এমএস ধোনি সেঞ্চুরি করলেও ৪৭ রানে ফিরতে হয় প্যাভিলিয়নে ফিরতে হয় বিরাটকে।



