
ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী বলসোনারো ছুরিকাহত
রূপসী বাংলা ডেস্ক: ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী জেয়ার বলসোনারো বৃহস্পতিবার এক ছুরি হামলায় আহত হয়েছেন। এ ঘটনায় এক সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসি জানায়, ঘটনার দিন দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরেইস এক নির্বাচনী প্রচারে অংশ নেয়ার সময় এক অজ্ঞাতনামা ব্যক্তি ছুরি নিয়ে বলসোনারোর পেটে হামলা চালায়। আহত অবস্থায় তাকে এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার চিকিৎসকরা বলছেন, ৬৩ বছর বয়সী ওই নেতার ক্ষতে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি দ্রুত সেরে উঠছেন।
ব্রাজিলের কট্টর ডানপন্থি এই নেতা তার বর্ণবাদী ও সাম্প্রদায়িক বক্তব্যের কারণে সে দেশে ব্যাপকভাবে সমালোচিত। তারপরও প্রাক নির্বাচনী জরিপগুলোতে তিনিই এগিয়ে আছেন।
আগামী মাসে ব্রিাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে সাবেক প্রেসেডন্ট লুলা ডি সিলভা অংশ নিতে না পারলে বিজয় হতে পারেন জেয়ার বলসোনারো।
সূত্র: বিবিসি



