
ব্রুকলিনে সাবওয়ে “সার্ফিং” করতে গিয়ে দুই কিশোরীর মৃত্যু

হোসনেআরা চৌধুরী
নিউইয়র্কের ব্রুকলিনের উইলিয়ামসবার্গ এলাকায় সাবওয়ে ট্রেনের উপর “সার্ফিং” করার সময় দুর্ঘটনায় দুই কিশোরী প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার ভোর প্রায় ৩টা ১০ মিনিটে, যখন পুলিশ মিস্মারি অ্যাভিনিউ স্টেশন সংলগ্ন রেলপথে তাদের অচেতন অবস্থায় খুঁজে পায়।
জরুরি সেবার কর্মীরা দ্রুত সিপিআর প্রদান করলেও শেষ পর্যন্ত ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, কারণ পরিবারের সঙ্গে যোগাযোগ প্রক্রিয়া চলছে।
এই মর্মান্তিক ঘটনার পর J ট্রেন পরিষেবা সাময়িকভাবে Myrtle Avenue এবং Delancey Street-Essex Street স্টেশনের মধ্যবর্তী অংশে বন্ধ রাখা হয়। পরে সকাল ৭টার দিকে পরিষেবা চালু হলেও যাত্রীদের ভোগান্তি হয় বিলম্বে।
ঘটনা তদন্ত করছে এনওয়াইপিডি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরীরা ট্রেনের গায়ে উঠে “সার্ফিং” করার চেষ্টা করছিল। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিউ ইয়র্ক সিটি ট্রানজিট প্রেসিডেন্ট ডেমেট্রিয়াস ক্রিচলো এক বিবৃতিতে বলেন,
“এটি কোনো খেলা নয়, বরং জীবনের জন্য ভয়ঙ্কর ঝুঁকি। আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি এমন বিপজ্জনক কাজ থেকে দূরে থাকতে।”
সাম্প্রতিক বছরগুলোতে সাবওয়ে সার্ফিংয়ের প্রবণতা নিয়ে বারবার সতর্ক করেছে এমটিএ। অথচ ঝুঁকির পরিণতি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই দুর্ঘটনা।



