
ভাইরাস নিয়ন্ত্রণে আসার আগেই সব খুলে দিলে তা হবে ‘বিপর্যয়ের রেসিপি’
যে দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ এখনও বেশি তাদের অবশ্যই উন্মুক্ত ও বিস্তৃত কর্মকাণ্ড বন্ধ করা উচিত। কারণ ভাইরাস নিয়ন্ত্রণে আসার আগেই সব খুলে দিলে তা হবে ‘বিপর্যয়ের রেসিপি’। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ সতর্কবার্তা দিয়েছে।
সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসাস স্বীকার করেছেন করোনার কারণে আরোপিত নিষেধাজ্ঞায় অনেক মানুষ বিরক্ত হয়ে উঠছেন। তারা আট মাস ধরে চলা এই মহামারি থেকে স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছেন।
এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থনীতি ও সামাজিক কর্মকাণ্ড পুনরায় চালুর প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানায়।
আধানম বলেন, ‘আমরা শিশুদের স্কুলে এবং মানুষদের কর্মস্থলে ফেরা দেখতে চাই। তবে আমরা এটা নিরাপদে হওয়া দেখতে চাই।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘কোনো দেশ জাহির করতে পারে না যে মহামারি শেষ হয়েছে। বাস্তবতা হচ্ছে ভাইরাস সহজেই বিস্তার ঘটাচ্ছে। নিয়ন্ত্রণ ছাড়া খুলে দেওয়া হবে বিপর্যয়ের একটি রেসিপি।’
তিনি বলেন, ‘লোকজনকে কখন ও কীভাবে জমায়েত হওয়ার অনুমতি দেওয়া হবে সে বিষয়ে স্থানীয় প্রেক্ষাপটে ঝুঁকির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে।’❐



