
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালে বাংলাদেশ
আর এন শুভ্র
রূপসী বাংলা ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালের মূল সময়ে ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেই ভাগ্যে ৫-৩ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা।
আজ বৃহস্পতিবার নেপালের আনফা কমপ্লেক্সে সূচনাটা দারুণ করে ভারত। ১৭ মিনিটে মাথায় হার্শ শৈলাসের দূরপাল্লার শটে গোলরক্ষক মেহেদী হাসানকে বোকা বানিয়ে দলকে লিড এনে দেন।
পিছিয়ে পড়ে পাল্টা আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। মুহুর্মুহু আক্রমণে ভারতকে চেপে ধরে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারছিল না তারা। প্রথমার্ধে বিমুখ থাকতে হয় তাদের।
সাফল্য আসে দ্বিতীয়ার্ধে। ইনজুরি টাইমে সফল স্পট কিকে বাংলাদেশকে সমতায় ফেরান আশিকুর রহমান। ডি বক্সে রাসেল আহমেদকে ভারতীয় এক ডিফেন্ডার ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে গোল আদায় করে নিতে মোটেও সমস্যা হয়নি বদলি নামা এ ফরোয়ার্ডের।
নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশকে। স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে গোলকিপার মেহেদি হাসান বীরত্বে জিতেছে বাংলাদেশ। ভারতের প্রথম দুটি শটই ঠেকিয়ে দেয় এ কিশোর। অন্যদিকে কোনো শট লক্ষ্যভ্রষ্ট হয়নি পারভেজ বাবুর শিষ্যদের। চারটি শটই নির্ভুল নিশানায়। ৫-৩ ব্যবধানে জিতে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। এ জয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিতই রইল বাংলাদেশ।



