আন্তর্জাতিক

ভারতের নিন্দায় সরব ওআইসি

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়ার ঘটনায় জরুরি বৈঠক করেছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) কাশ্মীর কন্টাক্ট গ্রুপ।

ওআইসির নিজস্ব ওয়েবসাইটে বলা হয়, পাকিস্তানের অনুরোধে মঙ্গলবার ওআইসি সদরদপ্তর জেদ্দায় এই বৈঠকে বসেন কন্টাক্ট গ্রুপের সদস্যরা। ওআইসির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এএমবি সামির বাকর দিয়াবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মাহমুদ কোরেশি এবং আজারবাইজান, নাইজার, সৌদি আরব এবং তুরস্কের প্রতিনিধিরা।

বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, জম্মু-কাশ্মীরের সংকটপূর্ণ পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানাচ্ছে ওআইসি। অঞ্চলটিতে নির্লজ্জভাবে যে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তার নিন্দা জানাচ্ছে।

ওআইসির সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে এই বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব, ওআইসির শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত এবং ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স (সিএফএম) এর প্রস্তাবসমূহের ভিত্তিতে সংকট নিরসনে মধ্যস্থতা করতে সবগুলো পক্ষকে আহ্বান করা হচ্ছে।

বৈঠকে জম্মু-কাশ্মীরের চলমান পরিস্থিতি ও অস্থিতিশীলতা নিয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী একটি বিস্তারিত প্রতিবেদন দেন। জম্মু-কাশ্মীরের মানুষদের নিরাপত্তায় জরুরি পদক্ষেপ গ্রহণ করতে আন্তর্জাতিক মহলকে আহ্বান জানান তিনি।

বৈঠকে উপস্থিত কন্টাক্ট গ্রুপের প্রতিনিধিরা কাশ্মীরের জনগণের প্রতি সংহতি এবং তাদের অধিকারের প্রতি সমর্থন জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension