
ভারত
ভারতে অনলাইন লটারিতে ৭ লাখ টাকা হারিয়ে ট্রেনের সামনে ঝাঁপ
অনলাইন লটারির নেশাই শেষ পর্যন্ত কাল হল এক যুবকের। লটারিতে ৭ লাখ টাকা হেরে গিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। এই ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুর তিরুপুরে। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, তিরুপুর জেলার জেলার আভরমপাল্যমের ইলাঙ্গো এলাকার বাসিন্দা ছিলেন এস এলভিন ফ্রেডরিখ।
একটা বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। গত মঙ্গলবার থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। এ নিয়ে পুলিশে নিখোঁজ ডায়েরিও করেন ফ্রেডরিখের মা।
পুলিশও ফ্রেডরিখের সন্ধান চালাচ্ছিল। এর মধ্যেই তিরুপুরে রেললাইনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়। হাসপাতালে দেহটি ফ্রেডরিখের বলে শনাক্ত করেন তার বাবা এবং মা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনলাইন লটারিতে আসক্ত হয়ে পড়েছিলেন ফ্রেডরিখ। সেই নেশাই শেষ পর্যন্ত তার জীবন কাড়ল।❐



