ভারত

ভারতে ‘আয়রন ডোম’ তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল

ভারত ও ইসরায়েলের সামরিক ও কৌশলগত সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। বিশ্বজুড়ে চলমান সংঘাতের কারণে বিমান প্রতিরক্ষাব্যবস্থার চাহিদা বাড়ায় ইসরায়েল এবার তাদের অত্যাধুনিক ‘আয়রন ডোম’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য একটি কারখানা স্থাপনের পরিকল্পনা করছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ইসরায়েলের প্রতিষ্ঠানটি ভারতের কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ‘তামির’ ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিষয়ে আলোচনা করছে। তামির হলো- আয়রন ডোম ব্যবস্থার মূল ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, যা শত্রুপক্ষের রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসে ব্যবহৃত হয়।

সূত্র জানিয়েছে, এই উদ্যোগ দুই দেশের মধ্যে সম্ভাব্য একটি যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির কাঠামোর অংশ হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে উৎপাদন লাইন স্থাপন করা হলে প্রতিষ্ঠানটি তাদের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক সরবরাহ বাড়াতে পারবে। একই সঙ্গে উৎপাদন ব্যয় কমবে এবং জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি হবে। এই ধরনের উদ্যোগ ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রতিরক্ষা উৎপাদন কর্মসূচিকে আরো গতি দিতে পারে এবং আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদার হিসেবে ভারতের অবস্থানকে আরো শক্তিশালী করতে পারে।

ভারত-ইসরায়েল প্রতিরক্ষা অংশীদারিত্ব

ভারত ও ইসরায়েল তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ককে আরো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দিকে এগোচ্ছে।

দুই দেশের মধ্যে ঘোষিত বিশেষ কৌশলগত সম্পর্কের আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম যৌথ উৎপাদন, অত্যাধুনিক সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং জরুরি সময়ে দ্রুত সরবরাহব্যবস্থার বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে পারে।
সূত্রের দাবি, প্রস্তাবিত কাঠামোটি দুই দেশের দীর্ঘদিনের কার্যকর প্রতিরক্ষা সহযোগিতাকে আরো সুসংগঠিত ও স্থায়ী রূপ দেবে। বর্তমানে রাফায়েল উত্তর ইসরায়েলের একটি কারখানায় আয়রন ডোমের তামির ইন্টারসেপ্টর তৈরি করে।

প্রতিষ্ঠানটি গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কম্পানি রেথিয়নের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রেও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে। ওই কারখানা মার্কিন মেরিন কোরের নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য ইন্টারসেপ্টর সরবরাহ করে এবং প্রয়োজন হলে ইসরায়েলের উৎপাদন সক্ষমতাকেও সহায়তা করতে পারে।

রাফায়েল ছাড়াও ইসরায়েলি প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা এলবিট সিস্টেমস ভারতে তাদের হার্মিস-৯০০ ও হার্মিস-৪৫০ ড্রোন উৎপাদন করছে। হার্মিস-৯০০ ড্রোন ইসরায়েলে ‘স্টার’ এবং হার্মিস-৪৫০ ‘জিক’ নামে পরিচিত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension