
ভারতে রেশন দোকানে মদ বিক্রির অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি
ভারতে এবার রেশন দোকানে মদ বিক্রির অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রেশন ডিলারদের সংগঠন।
২০ সেপ্টেম্বর চিঠিটি পাঠানো হয়েছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের প্রধান সচিব সুধাংশু পান্ডেকে। খবর আনন্দবাজার পত্রিকার।
চিঠিটি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। তাদের দাবি, যাতে বিবেচনা করা হয় সে কারণেই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গয়াল, কেন্দ্রীয় অর্থ সচিব, কেন্দ্রীয় রাজস্ব সচিব, কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা ও খাদ্য প্রতিমন্ত্রী ও সব রাজ্যের খাদ্য কমিশনার ও খাদ্য সচিবদের।
রেশন ডিলারদের দাবি, দেশের রেশন দোকানগুলোকে বাঁচাতে গেলে প্রয়োজনীয় পদক্ষেপ ও সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকারকে।
সঙ্গে এগিয়ে আসতে হবে রাজ্য সরকারগুলোকেও। তাই তারা রেশন দোকান থেকেই মদ বিক্রির আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে।
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অব ডিলারস ফেডারেশনের দেওয়া তথ্যানুযায়ী, বর্তমানে ভারত সরকার অনুমোদিত রেশন দোকানের সংখ্যা পাঁচ লাখ ৩৭ হাজার ৮৬৮টি।
এ দোকানগুলোর সঙ্গে প্রত্যক্ষভাবে প্রায় আড়াই কোটি মানুষের কর্মসংস্থান যুক্ত। আর পরোক্ষভাবে প্রায় সাড়ে পাঁচ কোটিরও বেশি মানুষ নির্ভরশীল।
ডিলারদের দাবি, বর্তমান পরিকাঠামোতে যেভাবে রেশন ব্যবস্থা চলছে, তাতে রেশন ডিলাররা লাভের মুখ দেখতে পাচ্ছেন না। রেশন দোকানগুলো বাঁচিয়ে রাখতে তাদের বিকল্প পথের কথা ভাবতে হচ্ছে। তাই প্রস্তাব আকারে মদ বিক্রির কথা কেন্দ্রীয় সরকারের কাছে জানিয়েছেন তারা।



