ভারতে স্বামীর সামনেই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
ভারতের রাজস্থানে ৪ জনের বিরুদ্ধে ৪৫ বছর বয়সি এক নারীকে স্বামীর সামনেই সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার পুলিশের বরাতে এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ বলছে, অভিযুক্ত চারজন ওই দম্পতির বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ঢুকেছিল।
শুক্রবার স্থানীয় থানায় মামলা করেছে ভিক্টিম দম্পতি। ঘটনাটি বুধবার ঘটলেও মামলা দায়েরের সময়েও তাদের অবস্থা বিপর্যস্ত ছিল।
পুলিশ এরই মধ্যে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে এবং আরও এক অভিযুক্তের খোঁজ চলছে।
রাজস্থানের পিন্ডওয়ারার ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ জেঠু সিং বলেছেন, নির্যাতনের শিকার নারীর স্বামী প্রহরী হিসেবে কাজ করেন। বুধবার রাতে ওই দম্পতি যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন অভিযুক্ত চার ব্যক্তি বাড়িতে ঢুকে তাদের জিম্মি করে। তারা দম্পতির কাছ থেকে ১ হাজার ৪০০ রুপি নেয় এবং আরও মূল্যবান জিনিস দাবি করে। কিন্তু তাদের কাছে রুপার কিছু গয়না ছাড়া আর বেশি কিছু ছিল না।
এরপর ওই নারী স্বামীর সামনেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।
অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে এবং বাকি একজনকেউ আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেঠু সিং।



