
ভারতে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালিত হবে
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: প্রতি বছরের মতে এবারও ভারতে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে। কোলকাতার ফোর্ট উইলিয়ামে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের মরণোত্তর সম্মাননা জানাবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং মুক্তিযোদ্ধারাও। ভারতের পূর্বাঞ্চলীয় সদর দপ্তরের এমজিজিএস মেজর জেনারেল এন ডি প্রসাদ গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে একথা জনান।
এন ডি প্রসাদ বলেন, এবারের বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের সংসদ সদস্য কাজি রোজির নেতৃত্বে ৭২ জনের একটি প্রতিনিধি দল আসছে। দলে ৩০ জন মুক্তিযোদ্ধা ছাড়াও ৬ জন সেনা অফিসার থাকবেন। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনাবাহিনীর সদস্যরাও থাকবেন।
ভারতে এবারের বিজয় দিবসের অনুষ্ঠান শুরু ১৩ ডিসেম্বর। এদিন সন্ধ্যায় প্রিন্সেপ ঘাটে মিলিটারি ব্যান্ডের উন্মুক্ত কনসার্ট। ১৪ ডিসেম্বরও হবে মিলিটারি ব্যান্ডের প্রদর্শন। ১৪ এবং ১৫ ডিসেম্বর আরসিটিসি–তে হবে মিলিটারি ট্যাটু। হেলিকপ্টার প্রদর্শনী, প্যারাট্রুপার ও বাইক প্রদর্শন, ঘোড়া, কুকুর নিয়ে দেখানো হবে কসরত। ১৫ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রাক্তন ভারতীয় সেনা জওয়ানদের আলাপচারিতা। ১৬ ডিসেম্বর বিজয় স্মারকে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি হবে টাটা স্টিল ম্যারাথন।
কোলকাতায় বাংলাদেশের উপ–রাষ্ট্রদূত তৌফিক হাসান বলেন, মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের মরণোত্তর সম্মান জানাচ্ছে বাংলাদেশ সরকার। প্রত্যেকের হাতে ‘বাংলাদেশের মুক্তিযোদ্ধা সম্মান’ হিসেবে রৌপ্য পদক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তার প্রতিলিপি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের লেখা দুটি বই তুলে দেওয়া হবে।
তিনি বলেন, গতবছর শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের সময় প্রথমবার ভারতীয় শহীদদের পরিবারকে সম্মানিত করা হয়েছিল। এ বছরও সেই প্রথা অব্যাহত থাকছে। পাশাপাশি কোলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ১৬-১৮ ডিসেম্বর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ফোর্ট উইলিয়ামে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোলকাতায় বাংলাদেশ উপ–দূতাবাসের কনস্যুলার (ভিসা) মনসুর আহমেদ, দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত সহকারি ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল শেখ রামিজউদ্দিন মহম্মদ ওয়াসিম।



