
ভারত-জাপানের সঙ্গে বন্দর চুক্তি থেকে সরে আসল শ্রীলংকা
ভারত ও জাপানের সঙ্গে গভীর-সমুদ্র কন্টেইনার টার্মিনাল নির্মাণের একটি চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে শ্রীলংকা।
দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর চেষ্টা হিসেবে দেখা হয়েছিল এই চুক্তিকে। বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
চীনা-পরিচালিত বিতর্কিত ৫০ কোটি ডলারের কন্টেইনার জেটির পাশেই কলোম্বো বন্দরে ইস্ট কন্টেইনার টার্মিনাল নির্মাণাধীন। এই যৌথ প্রকল্পের ৪৯ শতাংশ মালিকানা ছিল ভারত ও জাপানের।
কিন্তু সম্প্রতি এ নিয়ে দেশের কট্টর জাতীয়তাবাদীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে শ্রীলংকা সরকারকে। তারা জাতীয় সম্পদ বিদেশিদের কাছে বিক্রির বিরোধিতা করছেন।
২০১৯ সালের মে মাসে গভীর-সমুদ্র জেটি নির্মাণের চুক্তিতে সই করা হয়। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ক্ষমতায় আসার কয়েক মাস আগে চুক্তিটি হয়েছিল।
এক বিবৃতিতে সরকার বলছে, শ্রীলংকান বন্দর কর্তৃপক্ষের পূর্ণ মালিকানাধীন কন্টেইনার টার্মিনাল হিসেবে তারা এটি নির্মাণ করবে। যাতে খরচ হবে ৮০ কোটি মার্কিন ডলার।
সপ্তাহ দুয়েক আগে রাজাপাকসের একটি বিবৃতি থেকে ইউ-টার্ন হিসেবে দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে। তখন আঞ্চলিক ভূ-রাজনৈতিক উদ্বেগের কথা বলে প্রকল্প এগিয়ে নেয়ার কথা বলেছিলেন তিনি।
যদিও এই চুক্তির প্রতি সম্মান জানাতে কলোম্বোয় ভারতীয় হাইকমিশনও আহ্বান জানিয়েছে।
২০০৫ এবং ২০১৫ সালের মধ্যে যখন বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে প্রেসিডেন্ট ছিলেন, তখন চীনের কাছ থেকে কোটি কোটি ডলার ঋণ নিয়েছে কলোম্বো। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পাহাড়সম ঋণের বোঝা চেপেছে শ্রীলংকার ওপর।
২০১৯ সালে প্রাণঘাতী ইস্টার বোমা হামলা ও গত বছরে করোনাভাইরাসের লকডাউনের কারণে মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়ে যায় দেশটি। চলতি বছরে তাই চীনের কাছ থেকে আরও ঋণ প্রত্যাশা করছে তারা।
বিপুল পরিমাণ ঋণ শোধ করতে না পেরে ২০১৭ সালের ডিসেম্বরে হামবানতোতা গভীর-সমুদ্র বন্দরের নিয়ন্ত্রণ নিতে চীনা মার্চেন্টস পোর্ট হোল্ডিংসকে অনুমোদন দেয় শ্রীলংকা। বিশ্বের ব্যস্ততম পূর্ব-পশ্চিম জাহাজ রুটকে যুক্ত করেছে এই বন্দর।
চীনা কোম্পানিকে ৯৯ বছরের ইজারায় বন্দরটি দেয়া হলে দেশের ভেতরে ও বাইরে উদ্বেগ দেখা দেয়।
হামবানতোতা বন্দরে চীন পা রাখায় ভারত মহাসাগরে বেইজিংয়ের সামরিক সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারত উদ্বিগ্ন।
২০১৪ সালে কলোম্বো টার্মিনালে চীনা ডুবোজাহাজের অঘোষিত ভ্রমণের প্রতিবাদ জানিয়েছিল ভারত। তারপর থেকে সাবমেরিনের অনুমতি দেয়া বন্ধ রেখেছে শ্রীলংকা।❐



