
মধ্যপ্রদেশ নারীর গায়ে আগুন দিয়ে ভিডিও ধারণ
অসহায় এক নারীর গায়ে আগুন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আবার সেই দৃশ্যের ভিডিওও ধারণ করা হয়েছে। এমনকি তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে। এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার (২ জুলাই) রাজ্যের গুনা জেলার ধানুরিয়া গ্রামে এক উপজাতি নারীর জমি জবরদখলের পর তার গায়ে আগুন ধরিয়ে দেয় গ্রামের তিন ব্যক্তি। যখন তার সারা শরীর দাউদাউ আগুন জ্বলছে আর তিনি তীব্র যন্ত্রণায় চিৎকার করছেন তখন ভিডিও ধারণ করে তারা।
ভূক্তভোগী ওই নারীর নাম রামপিয়ারি সেহারিয়া। বয়স ৪৫। ঘটনাটি পুলিশকে জানিয়ে সেহারিয়ার স্বামী অর্জুন সেহারিয়া বলেছেন, ঘটনার এক পর্যায়ে সেহারিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নির্মম এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সবাই পিছিয়ে পড়া ওবিসি সম্প্রদায়ের। পাঁচজনের বিরুদ্ধেই হত্যাচেষ্টার মামলা নথিভূক্ত হয়েছে।
রামপিয়ারির স্বামী ৫২ বছর বয়সী স্বামী পুলিশকে জানান, গ্রামে তাদের সাড়ে ছয় বিঘা জমি রয়েছে। যা কয়েক বছর আগে সরকারের পক্ষ থেকে তাকে লিজ হিসেবে দেয়া হয়। কিন্তু জমিটি গ্রামের কিছু লোক জবরদখল করে নেয়। সম্প্রতি স্থানীয় সরকার সেই জমি উদ্ধার করে আবারও সেহারিয়াদের কাছে ফিরিয়ে দেয়।
অর্জুন বলেন, ঘটনার দিন তিনি জমিতে যাচ্ছিলেন। ওই সময় তিনি দেখতে পান, ওই তিন ব্যক্তি ট্রাক্টরে করে জমি ত্যাগ করছে। একই সময়ে জমির একদিক থেকে ধোয়া উঠতে দেখেন। কাছে এগিয়ে যেতেই দেখেন, তার স্ত্রী সেহারিয়ার গায়ে আগুন জ্বলছে।



