ভারত

মমতার ভাতায় পেট চলে না, ‘সরকারি’ ঢাকিদের ভরসা ব্যান্ডপার্টি

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: এবার ওদের ঘরে ফেরার পালা। ঢাকের তালে কোমর দোলা এই বছরের মতো শেষ। ওরা সরকারি ভাতা প্রাপ্ত ঢাকি। শহরের বড় বড় পুজো মণ্ডপ দিন পাঁচেক মাতিয়ে বরুণ, তাপসরা ফিরে যাবেন আবারও বিয়ে বাড়িতে ব্যান্ড পার্টিতে তাল তুলতে। ওটাই যে ভরসা।

‘রাজা কি আয়েগি বারাত’, ‘মেহন্দি লগা কে রখনা’। নব্বই দশকের হিট গানের সুর তাল পেট ভরায় উত্তর ২৪ পরগণার বরুন নন্দীর। একইভাবে বছর চলে মেদিনীপুরের উত্তম দাসের। ওঁরা সবাই বংশগতভাবে ঢাকি। বাপ, ঠাকুরদার থেকেই ঢাক বাজানোর শিক্ষা পেয়েছিল। ছোটবেলায় মণ্ডপে যাওয়া কাঁসর বাজাতে। “সেই সময় বেশ ভালোই লাগত”, জানালেন স্বপণ নট্ট।

বড় হওয়ার সঙ্গে সঙ্গে কাঁধে উঠেছে ঢাক, ঢোল। বুঝতে শেখা বছরে একবার কলকাতায় এসে ঢাক ঢোল বাজিয়ে সংসার চলবে না। হাতে তুলে নেওয়া ব্যান্ড পার্টির বাজনা। রাজ্য সরকার ঢাকিদের ভাতা দেওয়া শুরু করেছে গত কয়েক বছর ধরে। কিন্তু তাতে পেট চলে না। তাই যোগ দেওয়া ব্যান্ড পার্টিতে।

ঢাকি সুভাষ দত্ত বলেন, “পাঁচদিন ভালো আয় হয়। কিন্তু পাঁচ দিনের উপর নির্ভর করে সারা বছর চলবে না। বিয়ে বাড়ি বা যে কোনও জন্মদিন বাড়ি সারা বছর লেগেই থাকে। ওটাই ভরসা।” দীপক নট্ট সোদপুরের বাসিন্দা। এই বছর দমদমের দুর্গা মণ্ডপে ঢাক বাজিয়েছেন এই বছর। তিনি বলেন, “সরকার মাসে ১০০০ টাকা করে ভাতা দেয়। সেই টাকা আসে তিন মাস অন্তর আসে। তিন মাসে হাজার তিনেক। চলবে সংসার? তাসা পার্টি, ব্যাঞ্জো সারা বছর মোটামুটি কাজ দেয়। ওটাই বাঁচিয়ে রেখেছে।” মেদিনীপুরের উত্তমের ভরসাও সেই ব্যান্ড পার্টিই। এই বছর হাওড়ার মণ্ডপে ঢাক বাজিয়েছেন তিনি।

জানালেন, “ঢাক বাজাতে ভালো লাগত ছোটবেলা থেকেই। তার সঙ্গে বাবার সঙ্গে শহরে আসার একটা আনন্দ ছিল। কত আলো, মানুষের ভিড়, হইচই। এখন বাস্তবটা বুঝছি। ঢাক, ঢোল আর ব্যান্ডের সুর তাল এটাই ভালো করে জানি। তাই অন্য কিছু করে রোজগারের উপায় নেই। সরকারি ভাতায় সংসারের এক মাসের তেল, আটা, মশলাও হয় না। তবু হাজারটা টাকা আমাদের কাছে অনেক। দিন আনি দিন খাইয়ের সংসারে এই ঢের।”

মা কৈলাশে ফিরে গেলে পাড়ার বাড়ি বাড়ি ঘুরে কিছু জামা কাপড় নিয়ে যাওয়া। অনেকে ৫০, ১০০ টাকা হাতে দিয়ে দেয়। এটাই ভালোলাগা। ‘বাবা শহর থেকে কি আনলে?’ এই প্রশ্নটার উত্তরপত্র তৈরি হয়ে যায় যে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension