
মসজিদে নামাজের সময় ভয়াবহ গোলাগুলি, নিহত ৮
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রিস্টচার্চ এলাকার এক মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও বন্দুকধারীদের মধ্যে এখনও গোলাগুলি চলছে।
শুক্রবার ক্রিস্টচার্চ শহরের হেজলে পার্ক ডিস্ট্রিকের ডিন অ্যাভিনিউতে অবস্থিত আল নূর মসজিদে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, সামরিক সেনাদের ছদ্মবেশে দুই ব্যক্তি শুক্রবার মসজিদে ঢুকে পড়ে। এরপর তারা নিজেদের হাতে থাকা স্বয়ংক্রিয় রাইফেল থেকে নামাজরত মুসল্লিদের লক্ষ্য করে এলাপাতাড়ি গুলি করতে শুরু করে।
এ ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে কমপক্ষে কয়েক ডজন নিহত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় পত্রিকা ‘নিউজিল্যান্ড হ্যারাল্ড’
নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই বন্দুক হামলার পর ক্রিস্টচার্চ মসজিদে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। তবে এখনও ঝুঁকি কাটেনি।
হামলার পর নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে গোটা এলাকা। এলাকায় বাসিন্দার ঘরে থাকারও নির্দেশ দেয়া হয়েছে।
ওই দুই বন্দুকধারীর একজন নিউজিল্যান্ডের নাগরিক। অন্যজন অস্ট্রেলিয়ান। তবে তাদের কী পরিণতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঘটনার সময় দেশটিতে খেলতে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররাও ওই মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন বলে জানা গেছে। তবে, তারা সবাই ভাল ও নিরাপদে আছেন বলে জানা গেছে।
সূত্র: বিবিসি



