
কিছুদিন আগে আটক হয়েছিলেন নায়িকা রাগিনী দ্বিবেদী। এবার কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাদক চক্রের সংযোগের তদন্তে নেমে বেঙ্গালুরু ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করেছে আরেক নায়িকা সঞ্জনা গলরানিকে।
শহরের হাই-এন্ড পার্টিতে মাদক সরবরাহ করার অভিযোগে গ্রেপ্তার করা রাগিনীকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই সঞ্জনার সন্ধান পান গোয়েন্দারা।
মঙ্গলবার সকালে সঞ্জনার ইন্দিরা নগরের বাড়িতে রেইড করে সিসিবি। তল্লাশি শেষে গ্রেপ্তার করা হয় এ নায়িকাকে।
বেঙ্গালুরুর যুগ্ম কমিশনার সন্দীপ পাতিল জানান, আদালত থেকে সার্চ ওয়ারেন্ট পাওয়ার পর সাঞ্জনার বাড়িতে তল্লাশি চালানো হয়।
পরে জিজ্ঞাসাবাদের জন্য সিসিবি’র অফিসে নিয়ে যাওয়া হয়। গোয়েন্দারা জানান, সঞ্জনার বন্ধু রাহুলের বিরুদ্ধে মাদক মামলায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর থেকেই তার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল।
সঞ্জনার বেঙ্গালোরে জন্ম। ২০০৬ সালে ‘ওরু কাডাল সিভিয়া’র সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে অভিষেক। এছাড়া ‘গান্দা হেনদাথি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
আলোচিত স্যান্ডেলউড মাদক চক্র মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে আটক হয়েছে ৬ জন।
এদিকে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের জন্য মাদক সংগ্রহ ও মাদক চক্রের সঙ্গে জড়িতের অভিযোগে মঙ্গলবার বলিউড নায়িকা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে।❐



