
‘মার্কিন বাহিনীর সমর্থন ছাড়া ক্ষমতায় দুই সপ্তাহও টিকতে পারবেন না’
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সামরিক বাহিনীর সমর্থন ছাড়া ক্ষমতায় দুই সপ্তাহও টিকতে পারবেন না! সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদকে এই ভাষাতেই সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার মিসিসিপির সাউথহেভেনে এক সমাবেশে ট্রাম্প সৌদি আরবকে এভাবে সতর্ক করেন। মিস্টার প্রেসিডেন্ট আরও বলেন, আমরা সৌদি আরবকে রক্ষা করি। আপনারা বলবেন তারা ধনী। এবং আমি ওই বাদশাহকে ভালোবাসি, বাদশাহ সালমান।

একই সঙ্গে ডোনাল্ট ট্রাম্প বলেন, সৌদিকে আমেরিকা রক্ষা করছে। আমেরিকা ছাড়া সৌদিতে বাদশা দুই সপ্তাহও টিকতে পারবে না। আপনার সামরিক বাহিনীর জন্য আপনাকে খরচ করতে হবে। সৌদি আরবের শাসনকর্তার সঙ্গে কবে এই আলোচনা হয়েছিল, তা বলেননি ট্রাম্প। তার ওই মন্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা ‘কূটনৈতিক শিষ্টাচারবর্জিত’ বলেছেন।

ট্রাম্প চাঁচাছোলা এসব কথাবার্তা বললেও তার প্রশাসনের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। ইরানের উচ্চাকাঙ্ক্ষা ঠেকাতে সৌদি আরব প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করছে বলে মনে করে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট হওয়ার পর গত বছর নিজের প্রথম আন্তর্জাতিক সফরে প্রথমে সৌদি আরবেই গিয়েছিলেন ট্রাম্প।



