
মায়ানমারে একদিনে ৩৮ বিক্ষোভকারীর মৃত্যু: জাতিসংঘ
মায়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে বুধবারেই ৩৮ বিক্ষোভকারী নিহত হয়েছে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নির্বিচার হামলায় এদিন দেশটিতে সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
মায়ানমারে নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার বলেছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানের হতবাক করা ফুটেজ সামনে আসছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভকারীদের হালকা সতর্ক করে দেওয়ার পর স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি, টিয়ারগ্যাস, রাবার বুলেট ছুড়েছে নিরাপত্তাবাহিনী। নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলকারী সেনাবাহিনী শুরুতে নীরব থাকলেও এখন বিক্ষোভ দমনে ব্যাপক বলপ্রয়োগের নীতি নিয়েছে।
তরুণ আন্দোলনকর্মী ইয়াঙ্গুনের বাসিন্দা থিনজার শুনলেই ই বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এটি অত্যন্ত ভয়ানক। এটি গণহত্যা। আমাদের অনুভূতি এবং পরিস্থিতি বর্ণনা করার মতো কোনও ভাষা নেই।’
এদিকে, বুধবারের হতাহতের ঘটনার প্রতিক্রিয়ায় শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের ডাক দিয়েছে যুক্তরাজ্য। আর যুক্তরাষ্ট্রের তরফ থেকে মায়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়েছে।❐



