
মায়ানমারে ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধ
মায়ানমারে সেনা অভ্যুত্থানের পর দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী।
তবে শুধু ফেসবুক নয় পাশাপাশি বন্ধ করা হয়েছে ম্যাসেঞ্জার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ আরও কয়েকটি অ্যাপ। দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।
যোগাযোগ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ানমারে ফেসবুক সেবা বন্ধ থাকবে। কারণ এটি ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। মিথ্যা ও ভুয়া তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রয়টার্স জানায়, গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চির নামে মামলা হওয়ার পর ফেসবুক বন্ধের ঘোষণা দেয়া হয়। মায়ানমারের রাজনৈতিক সংগঠনগুলো ফেসবুকের মাধ্যমে প্রচার-প্রচারণা চালায়। এটিই তাদের অন্যতম মাধ্যম। এছাড়া অনুমোদনহীন যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মামলার অভিযুক্ত করা হয়েছে সু চিকে।❐



