
মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের ঘুষের দাবির পর্দাফাঁস করা, অভিযোগকারীকেই জেলে পাঠানোর তোড়জোড় করছে উত্তর প্রদেশ সরকার
রূপসী বাংলা ডেস্ক:উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জোর গলায় বলে থাকেন, তাঁর রাজত্বে দুর্নীতি বরদাস্ত করা হবে না, ছাড় পাবে না দুর্নীতিগ্রস্ত। অথচ তাঁরই প্রধান সচিবের বিরুদ্ধে ২৫ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। আর গ্রহের ফের এমনই, অভিযোগ খতিয়ে দেখা তো দূরের কথা, অভিযোগকারীকেই জেলে পাঠানোর তোড়জোড়ে লেগে পড়েছে উত্তর প্রদেশ সরকার।
অভিযুক্ত যে সে নন, রাজ্যের সবথেকে প্রভাবশালী আইএএস, খোদ মুখ্যমন্ত্রীর প্রধান সচিব এসপি গোয়েল। রাজ্যপাল রাম নায়েকও বিষয়টি জানেন, তদন্ত চেয়ে তিনি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। সেই চিঠি ফাইলের তলায় ধামাচাপা পড়ে যেত কিন্তু সংবাদমাধ্যমের হাতে এসে পড়াতেই গন্ডগোল বেধেছে।
গোয়েলের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ এনেছেন অভিষেক গুপ্ত নামে এক ব্যক্তি। হরিদ্বারে পেট্রোল পাম্প বসাতে চেয়েছিলেন তিনি, তাই জাতীয় সড়কের পাশে এক খণ্ড জমি চান। মহকুমা শাসক, জেলা শাসক সব সব প্রশাসনিক আধিকারিক তাঁর প্রস্তাবে সিলমোহর দেন। কিন্তু ফাইল মুখ্যমন্ত্রীর অফিসে পৌঁছনো থেকে অশান্তির সূত্রপাত। প্রধান সচিব এসপি গোয়েল ফাইল ছাড়তে অভিষেকের কাছে ২৫ লাখ টাকা ঘুষ চান বলে অভিযোগ। অভিষেক টাকা দিতে রাজি না হওয়ায় খারিজ করে দেওয়া হয় তাঁর প্রস্তাব।
রাজ্যপাল রাম নায়েকের কাছে গিয়ে বিষয়টি জানান অভিষেক। রাজ্যপাল এ নিয়ে চিঠি লেখেন মুখ্যমন্ত্রীকে, তদন্তের অনুরোধ জানান। ৩০ এপ্রিল সেই চিঠি এলেও তা নিয়ে কোনও নাড়াচাড়া হয়নি। কিন্তু সংবাদমাধ্যমে চিঠিটি ফাঁস হয়ে যাওয়ায় প্রশাসন সক্রিয় হয়ে উঠেছে। অভিষেককে জেলে পাঠানোর তোড়জোড় করছে তারা।
বিজেপির লখনউ অফিসের জনৈক নেতা পুলিশে অভিযোগ করেছেন, অভিষেক নাকি বিজেপি নেতাদের নাম করে সরকারি আধিকারিকদের ওপর চাপ তৈরি করছেন। তাঁর অভিযোগে আবার বলা হয়েছে, এ কথা তাঁকে বলেছেন মুখ্যমন্ত্রীর প্রধান সচিব! হজরতগঞ্জ থানায় অভিষেকের নামে এফআইআর করা হয়েছে।
গোয়েলের বিরুদ্ধে অবশ্য দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। বিজেপির আইপি সিংহ অভিযোগ করেছেন, মায়াবতীর আমল থেকে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত। কিন্তু গোটা অভিযোগ, পাল্টা অভিযোগের দৃশ্য পরম্পরায় আশ্চর্যজনকভাবে চুপ স্বয়ং মুখ্যমন্ত্রী। এই প্রথম তাঁর অফিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।



