
মুসলমানরা বাইডেনের ইফতার প্রত্যাখ্যান করল
যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলমানরা দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের ইফতারে অংশ নেননি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় বাইডেনের সমর্থন দেওয়ার প্রতিবাদে কয়েকজন মুসলিম তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। ফলে পবিত্র রমজানে হোয়াইট হাউসের ইফতার আয়োজন বাতিল করতে হয়েছে।
গত ১৮ মার্চ আমেরিকান মুসলিমরা নেতারা আগেই ঘোষণা দেন চলতি বছর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের বাইডেনের ঈদ উদযাপনে যাবেন না। রমজান ও ঈদ উদযাপন অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন তারা।
ক্ষুব্ধ আমেরিকান মুসলিমরা বলেন, তারা প্রশাসনের কাছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার দাবি অব্যাহত রেখেছেন। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্সের (সিএআইআর) গভর্নমেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের পরিচালক রবার্ট ম্যাককাও বলেছিলেন, আমন্ত্রণ পেলে আমেরিকান মুসলিম কমিউনিটির নেতারা ও সংগঠনগুলো তা প্রত্যাখ্যান করবে।
হোয়াইট হাউসের দুইজন কর্মকর্তা বলেন, ইফতারের আয়োজনটি গতকাল মঙ্গলবার বাতিল করা হয়। এর আগে মুসলিম কমিউনিটির সদস্যরা হোয়াইট হাউসের এ আয়োজনে অংশগ্রহণ করার বিষয়ে নেতাদের সতর্ক করেন। এতে তারা সেখানে অংশ নেওয়া থেকে বিরত থাকেন।
ইসরায়েলের প্রতি প্রেসিডেন্ট বাইডেনের নিঃশর্ত সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রে আরব বংশোদ্ভূত মার্কিন ও মুসলিম জনগোষ্ঠীর মানুষের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভ চলে আসছে। এর ধারাবাহিকতায় হোয়াইট হাউসের ইফতার বাতিলের এ ঘটনা ঘটেছে।
সিএআইআরের উপপরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেল বলেন, প্রাথমিকভাবে কয়েকজন নেতা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সম্মত হলেও পরে তা বাতিল করা হয়।
আহমেদ মিচেল আরও বলেন, আমেরিকার মুসলিম জনগোষ্ঠী আগেই বলেছিল, যে হোয়াইট হাউস গাজায় ফিলিস্তিনি জনগণকে ক্ষুধায় মারতে ও হামলা চালিয়ে মেরে ফেলতে ইসরায়েলকে সক্রিয় সমর্থন দেয়, তার সঙ্গে খাবার খাওয়াটা একবারেই অগ্রহণযোগ্য।
গত সোমবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন ও এনপিআর খবর প্রকাশ করে, হোয়াইট হাউস মুসলিম কমিউনিটির জন্য ইফতার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। বিশ্লষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে আরব-আমেরিকান ও মুসলিম জনগোষ্ঠীর মধ্যকার এ ক্ষোভ দেশটিতে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের জন্য বিপদ ডেকে আনতে পারে।
গত দুই দশকের বেশি সময় ধরেই প্রভাবশালী মুসলিম আমেরিকান প্রতিনিধিদের নিয়ে ইফতারের আয়োজন করে আসছেন মার্কিন প্রেসিডেন্টরা। পবিত্র রমজানে হোয়াইট হাউসে ইফতারের অনুষ্ঠান করার বিষয়টি সেখানে অন্য ধর্ম ও সংস্কৃতির অনুষ্ঠান আয়োজনেরই এক প্রতিফলন। এমন আয়োজন স্থানীয় মুসলিম জনগোষ্ঠীর মধ্যে একধরনের উৎসবের অনুভূতি দেয়। এটি সংবাদকর্মীদের জন্য উন্মুক্ত থাকে।
এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে বলেন, মঙ্গলবার মুসলিম কমিউনিটির নেতাদেরকে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দেখা করতে আমন্ত্রণ জানান। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের শর্তহীন সমর্থন ও গাজায় মানুষের প্রাণহানি বাড়তে থাকায় তাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন মুসলিম নেতারা।



