বিনোদন

মেগানের অভিনয়ে ফেরা নিয়ে নতুন জটিলতা

বিয়ের পর অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। তবে অভিনয়ে ফেরার সম্ভাবনার মধ্যে তৈরি হয়েছে নতুন জটিলতা। গাই রিচির জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘দ্য জেন্টলমেন’-এর তৃতীয় মৌসুমে মেগানের অভিনয়ের খবর প্রকাশের একদিন পরই তার কাস্টিং বাতিল করা হয়েছে বলে দাবি উঠেছে।

শনিবার ‘ভ্যানিটি ফেয়ার’ ও ‘দ্য নিউ ইয়র্কার’-এর সাবেক সম্পাদক টিনা ব্রাউন সামাজিক মাধ্যমে দাবি করেন, ‘দ্য জেন্টলমেন’-এর তৃতীয় মৌসুমে মেগানের কাস্টিং প্রত্যাহার করা হয়েছে।

তিনি লেখেন, ‘আজ সকালে জানতে পেরেছি, গাই রিচির নেটফ্লিক্স সিরিজ ‘দ্য জেন্টলমেন’-এর তৃতীয় মৌসুম থেকে মেগান মার্কেলকে বাদ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে বিরোধিতা এতটাই তীব্র ছিল যে বিষয়টি এগিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়ে।’

এর আগে শুক্রবার প্রকাশিত একটি খবরে বলা হয়, মেগান মার্কেল সিরিজটির তৃতীয় মৌসুমে অভিনয়ের বিষয়ে নির্মাতাদের সঙ্গে আলোচনা করছেন।

ভ্যারাইটির প্রতিবেদনে বলা, তৃতীয় মৌসুমের জন্য মেগানের সঙ্গে আলোচনা চলছিল। তবে সিরিজটির নতুন মৌসুম এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়নি।

‘দ্য জেন্টলমেন’ ২০১৯ সালে মুক্তি পাওয়া গাই রিচি পরিচালিত একই নামের সিনেমার স্পিন-অফ সিরিজ। সিনেমাটিতে অভিনয় করেছিলেন ম্যাথিউ ম্যাকনাহে ও চার্লি হুনাম। গাই রিচিই সিনেমা ও সিরিজ—দুটির স্রষ্টা।

মেগান মার্কেল অভিনয়জীবনে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন জনপ্রিয় আইনি ড্রামা সিরিজ ‘সুটস’-এ র‍্যাচেল জেন চরিত্রে অভিনয় করে। টানা সাত মৌসুম এই চরিত্রে দেখা গেছে তাঁকে। এ ছাড়া ‘সিএসআই: এনওয়াই’ ও ‘৯০২১০’-এর মতো টেলিভিশন সিরিজেও অভিনয় করেছেন মেগান। বড় পর্দায় ‘হরিবল বসেস’ এবং ২০১৫ সালের ক্রাইম থ্রিলার ‘অ্যান্টি-সোশ্যাল’-এ ছোট চরিত্রে অভিনয় করেন তিনি। পাশাপাশি হলমার্কের ‘হোয়েন স্পার্কস ফ্লাই’ ও ‘ডেটার্স হ্যান্ডবুক’ সিনেমায় প্রধান চরিত্রে ছিলেন।

সম্প্রতি অ্যামাজনের কমেডি সিনেমা ‘ক্লোজ পার্সোনাল ফ্রেন্ডস’-এ নিজ চরিত্রে একটি ক্যামিও করেছেন মেগান। এতে অভিনয় করছেন ব্রি লারসন ও জ্যাক কুয়েড।

অভিনয়ের পাশাপাশি মেগান ও প্রিন্স হ্যারির নেটফ্লিক্সের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক রয়েছে। গত বছর এই দম্পতি নেটফ্লিক্সের সঙ্গে নতুন চলচ্চিত্র ও টেলিভিশন চুক্তি করেন। ২০২০ সালে তারা নেটফ্লিক্সের সঙ্গে পাঁচ বছরের একটি চুক্তি করেছিলেন, যার মূল্য প্রায় ১০ কোটি মার্কিন ডলার বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল। সেই চুক্তির আওতায় বেশ কয়েকটি প্রকল্প তৈরি হয়। সূত্র: দ্য গার্ডিয়ান

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension