ভারত

মোদিকে ‘নির্বোধ’ বলায় পাইলট বরখাস্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ইডিয়ট’ বা নির্বোধ সম্বোধন করায় এক সিনিয়র পাইলটকে চাকরীচ্যুত করেছে এয়ারলাইন্স কোম্পানি গো এয়ার। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে ভারতে। শনিবার গো এয়ারের একজন মুখপাত্র ক্যাপ্টেন মিকি মালিককে বরখাস্ত করার কথা জানান।

ইন্ডিয়া টুডেসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার ক্যাপ্টেন মিকি মালিক তার ব্যক্তিগত টুইটার একাউন্ট থেকে প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা জানিয়ে একটি টুইট করেন। তিনি লিখেন, “প্রধানমন্ত্রী একজন নির্বোধ। একথা বলায় আপনারা হয়তো আমাকেও নির্বোধ বলতে পারেন। সেটা কোনও ব্যাপার না। কারণ আমি কোউ দেশের প্রধানমন্ত্রী নই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী একটা নির্বোধ লোক। এটাই শেষ কথা।”

প্রধানমন্ত্রীকে নিয়ে এমন বক্তব্যের পর সামাজিক মাধ্যমে বিজেপি সমর্থকদের রোষানলের মুখে পড়ে ক্যাপ্টেন মালিক ও তার কর্মস্থল গো এয়ার। এরপর তিনি আগের টুইটটি মুছে ফেলে সবার কাছে ক্ষমা চান।

নতুন টুইটে তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে নিয়ে অপমানজনক কথা বলায় অনেকেই কষ্ট পেয়েছেন। আগের টুইটগুলোর জন্য আমি সত্যিই অনুতপ্ত। তবে আমি নিশ্চিত করে বলতে চাই, আমার বক্তব্যের সঙ্গে গো এয়ারের কোন সম্পৃক্ততা নেই। এগুলো আমার ব্যক্তিগত মতামত ছিল।”

এর কিছুক্ষণ পরই নিজের টুইটার একাউন্ট লক করে ফেলেন মিকি মালিক। তবে শেষ রক্ষা হয়নি। প্রতিষ্ঠানের নীতিমালা মেনেই তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে গো এয়ার। এক বিবৃতিতে এয়ারলাইন্সটি জানায়, “সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মীদের আচার আচরণ নিয়ে আমাদের কঠোর নীতিমালা রয়েছে। এ ধরণের বক্তব্য আমাদের প্রতিষ্ঠানের নীতিবিরোধী। কর্মীদের ব্যক্তিগত মতামতের কোনও দায় আমরা নিব না।”

এদিকে বাক স্বাধীনতা ও কর্মী অধিকারের প্রতি সমর্থন জানিয়ে গো এয়ারের এ পদক্ষেপের সমালোচনা করছেন অনেকে। এর আগে ২০২০ সালের জুনে হিন্দুধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরেও এক কর্মীকে ছাটাই করেছিল প্রতিষ্ঠানটি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension