
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ শনিবার রাতে রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল কামাল হোসেনের চেম্বারে এক বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন, আবারও সংলাপ চেয়ে কাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট।
তিনি জানান, তারা আশা করবেন ভবিষ্যতে সংলাপের ক্ষেত্রে ক্ষুদ্র পরিসরে আলোচনা হবে। বর্তমান রাজনৈতিক সঙ্কট সামাধানের লক্ষ্যে এ বিষয়টিকে বিবেচনা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করে ১৪ দল। সাড়ে তিন ঘণ্টার ওই আলোচনায় ১৪ দলের পক্ষ থেকে জানানো হয়, তারা সংবিধানের বাইরে যাবে না। সংলাপ শেষে বিএনপি সরাসরি তাদের অসন্তোষের কথা জানায়। আর ড. কামাল হোসেন বলেন, বিশেষ সমাধান না পেলেও সংলাপের ভবিষ্যৎ ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদী।
পরেরদিন শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দলের সঙ্গে সংলাপে বসে বি. চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। নির্বাচন সামনে রেখে দুই জোটের নেতৃবৃন্দ প্রায় তিন ঘণ্টা খোলামেলা আলোচনা করেন। এ সময় যুক্তফ্রন্টের পক্ষে সাত দফা দাবি উত্থাপন করা হয়।



