
চট্টগ্রামে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে (বিস্তারিত)
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর চন্দনপুরা এলাকায় চারতলা একটি ভবনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ভবনটি ঘিরে অভিযান চালাচ্ছে শতাধিক পুলিশ। সেখান থেকে ৬টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মেহেদি হাসান ঘটনার সময় ওই ভবনের আশপাশের কিছু ভবনে ব্লক রেইড (তল্লাশি) দিচ্ছিলেন পুলিশের একটি টিম নিয়ে। তিনি জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় শিবিরের ওই কার্যালয়ের ভেতর বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে আরও পুলিশ নিয়ে ওই ভবনের ভেতরে প্রবেশ করে দ্বিতীয় তলায় বিস্ফোরণের কিছু আলামত পাওয়া যায়।

মেহেদী হাসান জানান, পুলিশ বোমা বিস্ফোরণের স্প্লিন্টার ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে। একটি বৈদ্যুতিক পাখাও ওপর থেকে খুলে পড়তে দেখা যায়। পাশাপাশি ককটেলসদৃশ ৬টি বোমা পাওয়া যায়।
ঘটনাস্থলটি শতাধিক পুলিশ ঘিরে রেখেছে। এর মধ্যে পুলিশের একটি দল রাত ৯টার দিকে পূর্ণাঙ্গ অভিযানের জন্য ভবনের বাকি তলায় প্রবেশ করতে থাকে। এ সময় কিছু উগ্র জঙ্গিবাদী বই জব্দ করতে দেখা যায়। তবে তাৎক্ষণিক কাউকে আটক করা যায় নি। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের অভিযান চলছে।



