যুক্তরাষ্ট্রের শ্রমজীবীরা খাদ্য সংকটে
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে খাদ্য সামগ্রীর জন্য এত বেশি মানুষ ভিড় জমিয়েছিল যে অপেক্ষমাণ গাড়ির লাইন প্রায় ১.৬ কিলোমিটার দীর্ঘ হতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শ্রমজীবীরা কাজকর্ম বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েছে। নতুন করে অনেক মানুষ এখন সরকারি খাদ্য সহায়তা চেয়ে আবেদন করছেন।
আপাতত তাদের মাঝে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণের জন্য বেশ কিছু উদ্যোগ দেখা যাচ্ছে। সেখানে উপচে পড়ছে মানুষ। দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে দেখা যাচ্ছে তাদের।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে খাদ্য সামগ্রীর জন্য এত বেশি মানুষ ভিড় জমিয়েছিল যে অপেক্ষমাণ গাড়ির লাইন প্রায় ১.৬ কিলোমিটার দীর্ঘ হতে দেখা গেছে।
লস অ্যাঞ্জেলেসের মধ্য স্যান ফার্নান্দো ভ্যালি অঞ্চলের ভ্যান নুইস এলাকায় দেখা গেছে বৃষ্টির মধ্যে আবর্জনা ফেলার ব্যাগ গায়ে জড়িয়ে খাদ্যসামগ্রী সংগ্রহ করছে মানুষ।
কোভিড-১৯ মহামারির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে অনত্যাবশ্যকীয় কার্যক্রমগুলো বন্ধ রাখা হয়েছে। স্টে অ্যাট হোম আদেশের আওতায় রয়েছেন ৯০ শতাংশের বেশি মানুষ। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে লস অ্যাঞ্জেলেসের উত্তর-পূর্বাঞ্চলীয় অংশের শ্রমজীবী দরিদ্র ল্যাটিনো পরিবারগুলো।
লস অ্যাঞ্জেলেস রিজিওনাল ফুড ব্যাংক বিনামূল্যে খাদ্য বিতরণের কাজ করছে। এর প্রেসিডেন্ট মাইকেল ফ্লুড জানান, তাদের এ ভ্রাম্যমাণ খাদ্য বিতরণ কর্মসূচি সংকটে থাকা মানুষদের সহায়তা করার একটি ভালো উপায়। লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিভিন্ন জায়গায় তারা এ কার্যক্রম পরিচালনা করেন। প্রতিদিন এক-দুইবার এ কর্মসূচি চালানো হয়।
আয়োজকরা জানিয়েছেন, বৃহস্পতিবার তাদের সংগ্রহে যে পরিমাণ খাদ্য সামগ্রী আছে তা দিয়ে আড়াই হাজারের বেশি পরিবারকে সহযোগিতা করা যাবে। প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে ১৬ কেজি চাল, ডাল, ফ্রোজেন মুরগী, কমলা ও অন্য খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
লস অ্যাঞ্জেলেস ফেডারেশন অব লেবার, এএফএল-সিআইও, লস অ্যাঞ্জেলেস রিজিওনাল ফুড ব্যাংক ও লেবার কমিউনিটি সার্ভিসের সহযোগিতায় এ খাদ্য বিতরণ কর্মসূচি সমন্বয় করেছেন লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ। খাদ্যাভাবে থাকা যে কোনও মানুষের জন্য তা উন্মুক্ত ছিল।
লস অ্যাঞ্জেলেস রিজিওনাল ফুড ব্যাংক এর প্রেসিডেন্ট মাইকেল ফ্লুড বলেন, ‘আরও অনেক মানুষ নতুন করে খাদ্যাভাবের মধ্যে পড়ছে। তারা জানে না পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে।’
তিনি জানান, আরও অনেক মানুষ এখন হঠাৎ করে বেকার ভাতা ও সরকারি খাদ্য সহায়তা চেয়ে আবেদন করছে।◉



