
যুক্তরাষ্ট্রের হামলায় ইরান মারাত্মকভাবে দুর্বল হয়েছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের ফলে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও স্থলবাহিনী ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে দেশটির ড্রোন উৎপাদন সক্ষমতাও খুবই নিম্ন পর্যায়ে নেমে এসেছে বলেও জানান তিনি।
ট্রাম্প বলেন, খুব শিগগিরই ইরানের উল্লেখযোগ্য কোনো সামরিক সক্ষমতা অবশিষ্ট থাকবে না।
তিনি অভিযোগ করে আরও বলেন, তেহরান তাদের করা চুক্তির শর্ত মেনে চলেনি।
এ ছাড়া তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে হওয়া একটি সাইবার হামলার পেছনে ইরানের হাত রয়েছে। তবে এ ঘটনার জন্য তিনি মিনেসোটার স্থানীয় প্রশাসনকেও দায়ী করে বলেন, তারা ‘সম্পূর্ণ অযোগ্য’।
ট্রাম্প আরও বলেন, স্পেনে বিপুলসংখ্যক বিদেশি অভিবাসী প্রবেশ করেছে এবং একই ধরনের পরিস্থিতি যুক্তরাষ্ট্রেও তৈরি হতে পারে বলে তিনি সতর্ক করেন।
তিনি দাবি করেন, তার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলা হয়েছে। পাশাপাশি তার প্রশাসন দেশে শান্তি বজায় রাখা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করছে বলেও জানান।
তথ্যসূত্র: সামা টিভি



