
যুক্তরাষ্ট্রে আরও এক অভিবাসী শিশুর মৃত্যু
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে গুয়াতেমালা থেকে আগত আরও এক অভিবাসী শিশু মারা গেছে। গত দু সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটির দক্ষিণ পশ্চিম সীমান্তে পুলিশি হেফাজতে এটি দ্বিতীয় শিশু মৃত্যুর ঘটনা।
মঙ্গলবার ৮ বছর বয়সী এই শিশুটি মারা যাওয়ার পর অভিবাসীদের কীভাবে বন্দি রাখা হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে নিউ মেক্সিকোর আলামোগোরদো এলাকার এক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। তার নাম ফেলিপে আলোনজো গোমেজ। এ ঘটনায় কংগ্রেসীয় তদন্ত দাবি করেছেন টেক্সাসের কংগ্রেস সদস্য জ্যাক্যুইন ক্যাস্ট্রো।
তাৎক্ষণিকভাবে এই ছেলে শিশুটির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে নিউ মেক্সিকোর জেরাল্ড চ্যাম্পিয়ন রিজিওনাল মেডিকাল সেন্টার হাসপাতালের এক স্টাফ জানান, জ্বর ও ঠাণ্ডা লাগার কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়েছিল। হাসপাতালে চিকিৎসার পর সোমবার বিকেলে তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় ওইদিন রাতে তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।
এর আগে গত ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে নেওযার মাত্র কয়েক ঘণ্টা পরই মারা যায় সাত বছর বয়সি প্রথম অভিবাসী শিশুটি। পানি শূন্যতা ও মানসিক আঘাতে সে মারা যায়। বাবা ও কয়েকজন অভিবাসীর সঙ্গে মেক্সিকো সীমান্ত পেরিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল শিশুটি। নিউ মেক্সিকো অঙ্গরাজ্য থেকে তাকে আটক করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। আটক হওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যায় শিশুটি।
এই শিশু মৃত্যুর ঘটনায় ব্যাপক সমালোচনায় পড়েছিল ট্রাম্প প্রশাসন। এবার আরো একটি অভিবাসী শিশু মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্রের আটককেন্দ্রের পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠেছে।
সূত্র: বিবিসি/ হিন্দুস্তান টাইমস



