
যুক্তরাষ্ট্রে গুলিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু, আহত ৬
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় বাড়ির ভেতর থেকে এক বন্দুকধারীর ছোড়া গুলিতে সাত পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। বুধবার অঙ্গরাজ্যটির ফ্লোরেন্স শহরের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় শেরিফ দপ্তরের সাহায্যের ডাকে সাড়া দিয়ে ঘটনাস্থলে গিয়েছিল ফ্লোরেন্স শহর পুলিশ। ওই বাড়িতে এক বন্দুকধারী শিশুদের জিম্মি করে রাখে ও গোলাগুলির কারণে দুই ঘণ্টা ধরে অচলাবস্থা চলে, পরে সন্দেহভাজন গুলিবর্ষণকারীর আত্মসমর্পণের মধ্য দিয়ে ঘটনার অবসান হয়।
আত্মসমর্পণের পর সন্দেহভাজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় প্রকাশ করা হয়নি এবং তার উদ্দেশ্যও পরিষ্কার নয়। গোলাগুলির ঘটনা ও এটি কীভাবে শেষ হয়েছে তাও বিস্তারিত জানা যায়নি।
এদিকে এ ঘটনায় টুইটবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে দক্ষিণ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টারকে উদ্ধৃত করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দায়িত্বপালন করতে গিয়ে প্রাণ হারিয়েছন ২৩ হাজার ৪০৮ জন পুলিশ। চলতি বছর এই সংখ্যা ১১২ জন।
গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছেন ১৫ হাজারেরও বেশি মার্কিনি। এছাড়া বন্দুকের মাধ্যমে বছরে আত্মহত্যা করেন প্রায় ২২ হাজার জন।



