
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জাতীয় গণহত্যা দিবস পালিত
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। কনসাল জেনারেল মো. নাজমুল হুদার সভাপতিত্বে এ বিশেষ দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কনসাল জেনারেল তার বক্তব্যে ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত্রে ঢাকাসহ সারাদেশে ইতিহাসের যে নৃশংসতম ও বর্বরতম হত্যাকান্ড অনুষ্ঠিত হয়েছিল তা উল্লেখ করেন। তিনি বলেন, ২৫ মার্চের কালরাতে নিরীহ, নিরস্ত্র, শান্তিকামী সাধারণ মানুষের উপড় যে গণহত্যা সংঘটিত হয়, তা পৃথিবীর ইতিহাসে এক ন্যাক্কারজনক অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে।
২৫ মার্চ কালরাতসহ স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।



