প্রধান খবরভারত

রাজনীতি এবং চলচ্চিত্রের মধ্যে সাদৃশ্য আছে: মিমি

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: তিনি বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী। ঝুলিতে অনেক হিট সিনেমা রয়েছে। ছোট পর্দাতেও রয়েছে বিশেষ অবদান। প্রবাদপ্রতিম পরিচালক ঋতুপর্ণ ঘোষের গানের ওপারে ধারাবাহিকএর মধ্যে দিয়ে। সেই তিনিই এখন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সাংসদ।

আলোচিত ব্যক্তির নাম মিমি চক্রবর্তী। সপ্তদশ লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। প্রায় আড়াই লক্ষ ভোটের মার্জিনে জয় পেয়েছেন অভিনেত্রী। পিছনে ফেলে দিয়েছেন তাবড় রাজনীতিবিদ বাম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। একই সঙ্গে গতবারের বোলপুরের সাংসদ অনুপম রায়কেও হারতে হয়েছে নিবাগতা মিমির কাছে।

চলচ্চিত্র জগত থেকে রাজনীতির ময়দানে গিয়েও বিশেষ পার্থক্য খুঁজে পাচ্ছেন না মিমি। মঙ্গলবার সংসদের অধিবেশনে দেখেছেন তিনি। বুধবার পেশ করবেন নিজের বক্তব্য। যাদবপুর লোকসভা কেন্দ্রের অবস্থা সংসদে তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সংসদের অধিবেশন শেষের পরে সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন যাদবপুরের সাংসদ। তিনি বলেছেন, “আগামিকাল অর্থাৎ বুধবার সংসদে আমি আমার যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষের সমস্যার কথা তুলে ধরব।” একই সঙ্গে তিনি আরও বলেন, “রাজনীতি এবং চলচ্চিত্র জগতের মধ্যে বিশেষ কোনও পার্থক্য নেই, সাদৃশ্য আছে। দুই ক্ষেত্রেই মানুষের জন্য কাজ করতে হয়।”

রাজনীতির ময়দানে চলচ্চিত্র জগতের মুখ নতুন কিছু নয়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে তা বিশেষ মাত্রা পেয়েছে। মিমির সঙ্গেই সাংসদ হয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট কেন্দ্র থেকে জিতেছেন তিনি। পরাস্ত করেছেন রাজনীতির জগতের পুরনো খেলোয়াড় রাজ্য বিজেপির নেতা সায়ন্তন বসুকে।

এই দুই অভিনেত্রী সাংসদ নির্বাচনের ফল ঘোষণা হতেই পৌঁছে গিয়েছিলেন সংসদ ভবনে। শপথের আগেই সাংসদের পরিচয়পত্র হাতে সংসদ ভবনে দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যা বেশ ভাইরাল হয়েছিল। পশ্চিমী পোশাকে তাঁদের সেই ছবি নিয়ে হয়েছিল সমালোচনাও।

এর মাঝে সম্প্রতি বিয়ে করেছেন বসিরহাটের সাংসদ নুসরত। বিয়ের পরে এদিন সংসদে শাড়ি পরেই সংসদে হাজির ছিলেন তিনি। সঙ্গে দোসর ছিল হাতের শাঁখা এবং সিঁথিতে সিঁদুর। মিমিকেও এদিন ভারতীয় পোশাকেই দেখা গিয়েছে সংসদ ভবনে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension