আন্তর্জাতিক

রাজনৈতিক ব্যর্থতায় হাতছাড়া হয় পূর্ব পাকিস্তান

পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, সামরিক কারণে নয়, রাজনৈতিক ব্যর্থতায় পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) হাতছাড়া হয়। গত বুধবার সামরিক বাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তবে সামরিক বাহিনী অতীতে বেআইনিভাবে রাজনীতিতে হস্তক্ষেপ করেছে স্বীকার করে তিনি বলেন, আশা করি ভবিষ্যতে এ ধরনের হস্তক্ষেপের ঘটনা ঘটবে না। খবর দ্য ডনের।

আগামী সপ্তাহে অবসরে যাচ্ছেন জেনারেল বাজওয়া। এরই মধ্যে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লে. জেনারেল আসিম মুনির।

দায়িত্ব হস্তান্তরের আগে সেনা সদর দপ্তরের এ অনুষ্ঠানে একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে পাকিস্তান সেনাপ্রধান বলেন, ‘১৯৭১ সালে সাবেক পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) সেনাদের (পশ্চিম পাকিস্তানের) আত্মসমর্পণের বিষয়ে একটি ভুল তথ্য প্রচলিত রয়েছে। আমি এ তথ্য সংশোধন করে দিতে চাই। প্রথমত, পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) হাতছাড়া হওয়া সামরিক নয়, ছিল রাজনৈতিক ব্যর্থতা। লড়াইরত সেনার সংখ্যা ৯২ হাজার ছিল না, বরং এ সংখ্যা ছিল মাত্র ৩৪ হাজার। বাকিরা ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের লোকজন।’ কামার জাভেদ বাজওয়া বলেন, এই ৩৪ হাজার সেনা ভারতীয় সেনাবাহিনীর আড়াই লাখ সেনা এবং মুক্তিবাহিনীর প্রশিক্ষিত ২ লাখ যোদ্ধার বিরুদ্ধে লড়েছিলেন। সব প্রতিকূলতা সত্ত্বেও তারা সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং নজিরবিহীন ত্যাগ স্বীকার করেন।

পাকিস্তান সেনাপ্রধান বলেন, পূর্ব পাকিস্তানে লড়াই করা সেনাদের এ ত্যাগ দেশে স্বীকৃতি পায়নি, যা ছিল মহা অন্যায়। অনুষ্ঠানে জেনারেল বাজওয়া গত সাত দশকে রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়টি স্বীকার করেন। এ হস্তক্ষেপকে তিনি ‘অসাংবিধানিক’ বলেও মন্তব্য করেন। একই সঙ্গে ভুল করা ও দাম্ভিক আচরণের জন্য রাজনীতিকদেরও সমালোচনা করেন।

তিনি বলেন, গত ৭০ বছরে বিভিন্নভাবে ‘রাজনীতিতে হস্তক্ষেপ’ করার কারণে প্রায়ই সেনাবাহিনীর সমালোচনা করা হয়। এ হস্তক্ষেপ ছিল ‘অসাংবিধানিক’। রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল। এরপর সামরিক বাহিনী পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টি নিয়ে আলোচনা করে এবং রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের ভুলের কারণে দেশ সমস্যার মধ্যে পড়েছে। এসব ভুল থেকে শিক্ষা নেওয়াটা জরুরি বলে মনে করেন এ বিদায়ী সেনাপ্রধান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension