
রানু মন্ডলের মেক ওভারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে নেটিজেনদের
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: স্টেশনে গান গাইতেন তিনি। একটা ভাইরাল ভিডিও, বাকিটা ইতিহাস। মুম্বইয়ের স্টুডিওতে দাঁড়িয়ে গান রেকর্ড করেছেন তিনি। এবার নতুন করে নেট দুনিয়ায় চর্চার বিষয় তিনি। রানু মন্ডলের নতুন মেকওভার দেখলে তাঁকে চেনা মুস্কিল।
আগেও মুম্বই পাড়ি দেওয়ার সময় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পার্লারে গিয়েছিলেন রানু। তবে তাঁর নতুন মেকওভার দেখে চমকে উঠছেন অনেকে। কানপুরে সিদ্ধা নামের এক বিউটি পার্লারের শাখার উদ্বোধন হয়েছে। সেখানেই রানুর মেকওভার করা হয়েছিল কোনও অনুষ্ঠানের জন্য। মেকওভারের পর বদলে যায় তাঁর চেহারা। নবরূপী রানুর ছবি আপাতত নেটদুনিয়ায় ভাইরাল।
ছবিতে দেখা গেল, রানুর পরনে বেইজ রঙের লেহেঙ্গা। সঙ্গে ভারী গয়না। আটোসাটো করে বাঁধা ডিজাইনার খোপা। তাতে আবার গোঁজা গোলাপফুল। এই সাজে চূড়ান্ত ট্রোলের শিকার রানু। কেউ কেউ তাঁর ছবির নীচে মন্তব্য করে বসেছেন যে, “এবার তো ঐশ্বর্য রাই বচ্চনও লজ্জা পেয়ে যাবেন আপনাকে দেখলে। হায় হায়!” আসলে রানুকে মেক আপ করে মুখটা একটু বেশিই সাদা করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে হিমেশ রেশমিয়ার সুরে রানু মণ্ডলের কণ্ঠে ‘আশিকি মে তেরি’ গানটি। হিমেশ নিজে শেয়ার করেছেন সেই গান।
কিছুদিন আগে রানু বলেন, তাঁকে দেখে অনেকেই ছুটে এসে জড়িয়ে ধরেন। আর সেই ভক্তদের মধ্যে অনেকেরই গায়ে নাকি দুর্গন্ধ। এতেই সমস্যা রানুর। রানু ওই সংবাদমাধ্যমের কাছে জানাচ্ছেন, ওরা যখন আমায় এসে জড়িয়ে ধরে, ওদের গায়ের দুর্গন্ধে আমার অস্বস্তি হয়। ঘেন্না করে।
রানুর এহেন মন্তব্যে রীতিমতো বিরক্তি প্রকাশ করেন নেটিজেনরা। এক সময়ে রানু মণ্ডলও রেল স্টেশনে বসে গান গাইতেন। তাঁর প্রথম যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, তাতেই দেখা গিয়েছিল তাঁর পোশাক। আর সেই রানুই খ্যাতির আলোয় আসার পরেই এমন মন্তব্য করবেন অনেকেই ভাবেননি। তাই রানুর উপরে বেশ চটেছেন তাঁর ভক্তরা।



