
রানের পাহাড় গড়ে ইনিংস ছাড়ল ভারত
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে রানের পাহাড় ভারতের৷ সাত উইকেট হারিয়ে ৪৪৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করলেন ভারত অধিনায়ক কোহলি৷ দ্বিতীয় দিন সাত ওভার ব্যাট করতে হবে অস্ট্রেলিয়াকে৷
শতরান করে এদিন ভারতের রানের ভিত মজবুত করে দেন মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা৷ ৩১৯ বল খেলে ১০টি বাউন্ডারির সাহায্যে ১০৬ রানের ইনিংস খেলেন সৌরাষ্ট্রের ডানহাতি৷
অন্যদিকে উইকেটের উপর দিয়ে থার্ড ম্যানে ছক্কা হাঁকানোর ঝুঁকি না নিলে পূজারার মতো শতরান হাঁকিয়ে মাঠ ছাড়তে পারতেন বিরাট কোহলি(৮২ রানে)৷ স্টার্কের বলে ফিঞ্চের হাতে ম্যাচের সহজতম ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক৷ কোহলি-পূজারার ১৭০ রানের পার্টনারশিপে ব্যাটিং ইনিংসের ইমারত গড়ে দেয়৷
ওপেনিং সমস্যা কাটিয়ে ওঠার পাশাপাশি মেলবোর্নে মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতাও কাটিয়ে উঠল ভারত৷ সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে ৩৪ রান করেন৷ গুরুত্বপূর্ণ ৬৭ রানে ইনিংস খেলে দলকে চারশো রানের গণ্ডি পার করান কোহলির ওয়ান ডে ডেপুটি রোহিত শর্মা৷ এক বছর পর টেস্ট ক্রিকেটে অর্ধশতরান হাঁকালেন হিটম্যান৷ শেষবার ২০১৭ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লির ফিরোজ শাহ কোটলায় অর্ধশতরান এসেছিল রোহিতের ব্যাট থেকে৷ ১১৪ বল থেকে ৫টি বাউন্ডারির সাহায্য এদিন ইনিংস সাজান হিটম্যান৷ রান পেয়েছেন ঋষভ পন্তও৷ ৩৯ রান করে উইকেট উপহার দিয়ে আসেন তরুণ পন্ত৷
পারথের মতো মেলবোর্নের দ্বিতীয় দিনও অসম বাউন্স ব্যাটম্যানদের সমস্যা ফেলেছে৷ অজি স্পিনার লায়নের ওভারে অসম বাউন্স বুঝতে না পেরে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান রাহানের৷ সহ অধিনায়ক রাহানেই শুধু নয়, এদিন কামিন্সের বল হাঁটুর নীচে এলে পূজারার উইকেট ছিটকে দেয়৷



